



অনলাইন ডেস্ক | সোমবার, ৩০ মার্চ ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত

স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-০২)-এর জন্য ‘শ্রেষ্ঠ কর্মমূখর রেডিও শ্রোতাক্লাব’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এবং ‘বিখ্যাত রেডিও ডিএক্সার ও মানবাধিকার কর্মী’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন একই ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ হলো রেডিও শ্রোতা, রেডিও কর্মী এবং গণমাধ্যম কর্মীদের একটি অলাভজনক আন্তর্জাতিক রেডিও গবেষণা, তথ্য ও সংস্কৃতি বিনিময়, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। ১৯৯৭ সালের ১লা অক্টোবর থেকে সংগঠনটি রেডিও, শ্রোতা ও সমাজের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ক্লাবের সদস্যবৃন্দ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন রেডিও স্টেশন থেকে প্রচারিত নানাবিধ অনুষ্ঠান শুনে এবং সেই অনুষ্ঠানের গুণগত মান সম্পর্কে সংশ্লিষ্ট রেডিও স্টেশন কর্তৃপক্ষকে চিঠি, ই-মেইল, মোবাইল এসএমএস, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক/ইনস্টাগ্রাম/এক্স, ইউটিউব ইত্যাদি মাধ্যমে ফিডব্যাক/মতামত দিয়ে সহযোগিতা করার পাশাপাশি রেডিও ফ্রিকোয়েন্সির রিসেপশন রিপোর্ট প্রেরণ এবং নতুন নতুন আইডিয়া লিখে সহযোগিতা করে থাকেন। রেডিও শ্রবণের পাশাপাশি ক্লাব সদস্যবৃন্দ রেডিও থেকে প্রাপ্ত বহুবিধ তথ্য সমাজের উন্নয়নে কাজে লাগাতে প্রতিনিয়ত নানা অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সমাজের তৃণমূলের অনগ্রসর ও তথ্য থেকে বঞ্চিত জনগোষ্ঠির মাঝে সেবা পৌঁছে দেন। এতে যদি একজন মানুষেরও জীবনে ইতিবাচক পরির্বত আসে তবে ক্লাব ও এর সদস্যদের স্বেচ্ছাশ্রমের উদ্দেশ্য সফল এবং স্বার্থক হবে। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ সমাজে জনসচেতনতা বৃদ্ধিতে বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশু সুরক্ষা, জলবায়ু, দুর্যোগ, বৃক্ষরোপণ, প্রকৃতি ও পরিবেশ, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে আলোচনা সভা, উঠান বৈঠক, কর্মশালা, প্রদর্শনী, প্রচারপত্র বিতরণের মাধ্যমে সমাজের অনগ্রসর মানুষের মাঝে তথ্য ছড়িয়ে দিয়ে যাচ্ছে। ত্রাণ ও ঔষধ বিতরণ, রক্তদান, শিক্ষা সামগ্রী বিতরণ, সেলাই মেশিন বিতরণ, রেডিও বিতরণ, বিনোদন, খেলাধুলা ইত্যাদি সামাজিক বিষয় নিয়ে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলস চেষ্টা করে যাচ্ছে। যা স্থানীয় সম্প্রদায়কে সংগঠিত করে, সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে, তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনে এবং গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে তাদের অংশগ্রহণের সুযোগ করে দেয়। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, বর্তমানে ক্লাবের পক্ষ থেকে একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী (মণিপুরি)’র হতদরিদ্র মেয়ে শিক্ষার্থীর সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজে পড়াশোনার খরচ এবং একজন চা শ্রমিক জনগোষ্ঠীর দরিদ্র ছেলে শিক্ষার্থীর সিলেট ল’ কলেজে এলএলবি পড়াশোনার খরচের দায়িত্ব চলমান রয়েছে। আশাকরা যায় তারা দু’জনে তাদের শিক্ষা কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করে চিকিৎসা ও আইন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং মানব কল্যাণে তাদের সেবামূলক ও মানবিক অবদান রাখবে।
অপরদিকে চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের তরুণ সমাজকর্মী মোহাম্মদ দিদারুল আলম, যিনি মিডিয়ায় দিদারুল ইকবাল নামে বহুল পরিচিত, তার কলসাইন: S21DAL- সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা। পেশাগত জীবনে তিনি একজন মানবাধিকারকর্মী, রেডিও এক্টিভিস্ট এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি বিশেষ করে শিশু অধিকার ও তাদের সুরক্ষা নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করে যাচ্ছেন।
স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কর্তৃপক্ষ ইতোমধ্যে তাদের স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-০২)-এর জন্য সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশকে ‘শ্রেষ্ঠ কর্মমূখর রেডিও শ্রোতাক্লাব’ এবং দিদারুল ইকবাল (S21DAL)-কে ‘বিখ্যাত রেডিও ডিএক্সার ও মানবাধিকার কর্মী’ ক্যাটাগরিতে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মনোনয়ন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
আগামী ২৫ এপ্রিল ২০২৬, শনিবার বিকেল ৩টায় ঢাকার সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন সেক্টরে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন সফল ও অনুকরণীয় ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ “স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২৬” সম্মাননা প্রদান করা হবে।

Posted ৭:২২ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


