শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইস্টার্ন ইউনিভার্সিটিতে কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটিতে কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (১০ জুন) ইস্টার্ন ইউনিভার্সিটির রেজাকুল হায়দার হলে মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী?: ফররুখের কাব্যলোকের অন্বেষণ” শীর্ষক এ সভায় কবির কাব্যসাধনা, দর্শন ও সাহিত্যিক উত্তরাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। পরে কবি পরিচিতি পর্বে ফররুখ আহমদের জীবন ও সাহিত্যকর্মের একটি সংক্ষিপ্ত কিন্তু তথ্যসমৃদ্ধ পরিচিতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও দৈনিক যুগান্তর-এর সম্পাদক জনাব আবদুল হাই শিকদার। তিনি ফররুখ আহমদের কবিতায় মানবতাবাদ, মুসলিম পুনর্জাগরণের চেতনা এবং শিল্পসৌন্দর্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তার আলোচনায় উঠে আসে, কীভাবে ফররুখের কবিতা মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে কাব্যিক ভাষায় রূপ দিয়েছে। তিনি বলেন, কবি ফররুখ আহমদের রচনা শতবর্ষ পেরিয়েও আজও প্রাসঙ্গিক। তিনি কবির সাহিত্যকর্মের গভীরতা ও ব্যাপকতা তুলে ধরেন এবং কবির জীবন ও সাহিত্য নিয়ে চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কেও আলোকপাত করেন। তিনি আরও বলেন, ফররুখ আহমদের সাহিত্যকর্ম কেবল সাহিত্য নয়; এটি নিপীড়িত ও বঞ্চিত মানুষের আত্মপরিচয় ও সংগ্রামের এক গুরুত্বপূর্ণ দলিল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা। তিনি ফররুখ আহমদের কাব্যচর্চার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বলেন, ফররুখ আহমদ মুসলিম রেনেসাঁ ও ইসলামী জাগরণের অন্যতম প্রধান কবি। তিনি শিক্ষার্থীদের ফররুখ আহমদের সাহিত্যকর্ম পাঠ ও গবেষণায় উৎসাহিত করেন এবং বাংলা সাহিত্যে তার অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বারোপ করেন।

এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানের আহ্বায়ক ও সঞ্চালক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক জনাব রফিউসসান। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্টের উপপরিচালক কে. এম. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তা, সাহিত্যপ্রেমী ও গুণীজনেরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে কবি ফররুখ আহমদের কবিতা আবৃত্তি এবং তার জীবন ও কর্মভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি কবি ফররুখ আহমদের স্মৃতি ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি সফল উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

Facebook Comments Box

Posted ৬:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com