



গাজীপুর প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | প্রিন্ট | 42 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকার একটি পোশাক কারখানায় খাবার পানি পান করার পর দুইশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন| বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ড্রেসম্যান নামের কারখানায় এ ঘটনা ঘটে| অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে|
বিষয়টি নিয়ে চন্দ্রা ও সফিপুর শিল্পাঞ্চল এলাকায় এক আতঙ্ক বিরাজ করে|

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে ড্রেসম্যান কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন| সকাল ৯টার পর হঠাৎ একে একে অনেক শ্রমিক বমি, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গে অসুস্থ হয়ে পড়েন| পরে সহকর্মী ও কারখানা কর্তৃপক্ষ তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন| ঘটনার পরপরই কারখানা কর্তৃপক্ষ এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে|
কারখানার শ্রমিক মেশিন অপারেটর জেসমিন আক্তার ও ইসমত আরা জানান, সকালে কারখানার ভেতরের খাবার পানি পান করার পরই অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন| এছাড়া কারখানার ভেতরে এক ধরনের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল, ফলে শ্রমিকদের অসুস্থতা আরও বাড়িয়ে দেয় বলে ভুক্তভোগী শ্রমিকদের দাবি|

কারখানার শ্রমিকদের অসুস্থততার খবর পেয়ে কালিযাকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন, গাজীপুর জেল এডিশনাল এসপি মো. শহিদুল ইসলাম, গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, ইন্ডিয়াস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. হারেচ আলি মিয়া ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ|
কারখানার সহকারী মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, সেসব এলাকার শ্রমিকদের মধ্যেই অসুস্থতার ঘটনা বেশি দেখা গেছে| এরই মধ্যে আজ বৃহস্পতিবার সকালে নয়টার দিকে কারখানার ভিতরে কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ে| সংবাদ পেয়ে দ্রুত অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়| পর্যায়ক্রমে চিকিৎসা শেষে শ্রমিকরা বাসায় ফিরছে| বিষয়টি আমরা কারখানার পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করছি| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃষ্টির দূষিত পানির সংস্পর্শে আসার কারণে শ্রমিকদের ফুড পয়জনিং হয়ে থাকতে পারে|
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, চন্দ্রা ড্রেসম্যান কারখানায় অসুস্থ জনিত প্রায় দুই শতাধিক শ্রমিক স্বাস্থ্য কমপ্লেক্সে (ইনডোর-আউটডোর) ভর্তি হয়| এসব রোগীদের মধ্যে মাথা ব্যাথা, বমি ও শারীরিক দুর্বলতা রয়েছে| বেশ কিছু রোগীদের প্রাথমিক চিকিৎসার পর ছুটি দেওয়া হয়| এরমধ্যে ৯৬ জনকে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়| অসুস্থ শ্রমিকদের মধ্যে ৫ জন পুরুষ, ৯১ জন নারী শ্রমিক, তন্মধ্যে ৩ জন গর্ভবতী ছিল| বর্তমানে তারা সুস্থ| বেশি অসুস্থ ৭ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে| স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে শ্রমিকদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার জন্য ডা. মিজানুর রহমানের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে| বর্তমানে চিকিৎসা শেষে পর্যায়ক্রমে ছুটি দেওয়া অব্যাহত রয়েছে|

Posted ৭:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


