



অনলাইন ডেস্ক | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 181 বার পঠিত

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (আরআরআই) এর ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশস্থ জাতীয় শ্রোতা সংগঠন ভয়েস অব ইন্দোনেশিয়া ফ্যান ক্লাব অব বাংলাদেশ (ভিওআই-এফসিবি) এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। ১৯৪৫ সালের ১১ সেপ্টেম্বর আব্দুর রহমান সালেহ (চিকিৎসক) এবং মোহাম্মদ জুসুয়েফ রনোদিপুরো বা মুহাম্মদ ইউছুফ রনোদিপুরো আরআরআই প্রতিষ্ঠা করেন। ইন্দোনেশিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় আরআরআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরীর ৩৪নং ওয়ার্ড শাহপরান বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকায় শিশুদের নিয়ে আরআরআই-এর ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ভিওআই ফ্যান ক্লাব ও সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবালের প্রথম সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (আরআরআই) প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন, ভিওআই ফ্যান ক্লাব অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL)।

দিদারুল ইকবাল (S21DAL) বলেন, রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া বিশ্বের একটি শক্তিশালী তথ্য ও বিনোদন মাধ্যম। বর্হিবিশ্বে এই বেতারের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। ইন্দোনেশিয়ার স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা থেকে শুরু করে বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে বর্তমান ডিজিটাল মিডিয়ার বিপ্লব পর্যন্ত ৮০ বছর টিকে থাকা এটি বেতার ইতিহাসের একটি বড় মাইলফলক। এই বেতারের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমরা অত্যন্ত গর্বিত, সম্মানিত এবং আনন্দিত। আমরা এই আনন্দঘন মূহুর্তে বাংলাদেশের সকল শ্রোতাদের পক্ষ থেকে ইন্দোনেশিয়ার সরকার, জনগণ এবং রেডিওর সকল কর্মকর্তা- কলাকুশলী ও শ্রোতাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া স্বগৌরবে শতবর্ষের দিকে এগিয়ে যাক আমরা সেই শুভকামনা করছি। আরআরআই এর এই ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের শ্রোতাদের পক্ষ থেকে আমাদের দাবী রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া থেকে আমাদের জন্য ১৫ মিনিটের একটি বাংলা অনুষ্ঠান সম্প্রচার করা হোক। যাতে ইথারের মাধ্যমে বাংলাদেশের সাথে ইন্দোনেশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সমৃদ্ধ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভিওআই ফ্যান ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সভাপতি মো. ময়নুল হক, শিশু-কিশোরদের মধ্যে ফাইজা তাবাসসুম (কনক), রাইসা তাবাসসুম (জারা), নাফিউল ইসলাম হায়মন, তামজিদ আহমদ তানজীম, তাউসিফ আহমদ, তাবানা তাবসসুম, লিয়ানা তাবাসসুম প্রমুখ।
বাংলাদেশে আরআরআই-এর ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করায় ভিওআই ফ্যান ক্লাব এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভিওআই কর্মকর্তা কর্মীবৃন্দ।

Posted ১০:০৯ অপরাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


