



অনলাইন ডেস্ক | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 40 বার পঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তালুকদার ফাউন্ডেশন, সিলেটের উদ্যোগে সদস্যদের মাঝে কার্ড ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় সিলেট সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ডের শাহপরান শান্তিবাগ তালুকদার বাড়ী প্রাঙ্গণে এ মানবিক ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তালুকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিসিকের ৩৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তালুকদার ফাউন্ডেশন, সিলেটের ভাইস চেয়ারম্যান ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) বলেন, “সম্প্রীতির এই বাংলায় সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। যেকোনো উৎসবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। তালুকদার ফাউন্ডেশন সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার যে প্রত্যয় নিয়ে কাজ করছে, তা সমাজের জন্য অনুকরণীয়। বিশেষ করে তথ্য ও যোগাযোগের এই যুগে আমাদের এই মানবিক বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। আমরা আশা করি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস উৎসবের আনন্দকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবে এবং সমাজে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করবে।”
অনুষ্ঠানের আরেক আমন্ত্রিত অতিথি, বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ‘সুবাস’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আছলাম হোসেন তাঁর বক্তব্যে বলেন, “তালুকদার ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রয়াস শারদীয় দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বী পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে সহায়তা করবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানাই।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালুকদার ফাউন্ডেশন সিলেটের উপদেষ্টা সামছুল হক নাজির, হযরত শাহপরাণ (রহ:) উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও উপদেষ্টা আবদুল হক চৌধুরী, আশু চন্দ্র নাথ এবং হাফিজ এবাদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুখতার আলী, আবদুল হান্নান, মাসুক আহমদ, ফারুক আহমদ, সিলেট অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশনের ওয়েস মো. সাকেরুল ইসলাম (S21OES), সন্দীপ রায় (S21AAI) ও মো. ইশতিয়াক মাহমুদ সুয়েব (S21ATV), সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের সদস্য মুশফিকুর রহমান (সাহিল), মিন্টু মুন্ডা, নিখিল মুন্ডা, নানটু দেবনাথ ও মীর আলেক আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে ১৩৬ জন পুরাতন এবং ২৯ জন নতুন সদস্যসহ সর্বমোট ১৬৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে বাহুবল ইউনিটের ৩৬ পরিবার, শান্তিবাগ ইউনিটের ১৮ পরিবার, বহর কলোনী ইউনিটের ৪১ পরিবার, খাদিমপাড়া ইউনিটের ৫৬ পরিবার এবং অন্যান্য ১৪টি পরিবার রয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুল হান্নান এবং গীতা থেকে পাঠ করেন আশু চন্দ্র নাথ।




Posted ৭:১৬ পিএম | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


