



অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 19 বার পঠিত

নাটোর স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপটি ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ক্রিলের কাছে ল্যাপটপটি হস্তান্তর করেন। এ সময় ক্রিল ল্যান্ডার বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশে ভ্রমণকালে তার ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৭ অক্টোবর বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন তিনি। এ সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ব্যাগে থাকা ল্যাপটপ ও ক্যামেরা রেখে যান। টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগটি আর পাননি।
পরে ক্রিল জানতে পারেন, ব্যাগটি যাঁর কাছে রেখেছিলেন, তিনি রেলওয়ের কেউ নন। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
এরপর নাটোর সদর থানা–পুলিশ, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় একাধিক টিম হারানো ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযান পরিচালনা করে। ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে নয়টায় নাটোর সদর থানাধীন কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে জার্মান পর্যটকের ল্যাপটপটি (ম্যাকবুক) উদ্ধার করতে সক্ষম হয়।
বিদেশি পর্যটকের অভিযোগের দ্রুত নিষ্পত্তি, হারানো ল্যাপটপ উদ্ধার এবং বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতিস্বরূপ আইজিপি আজ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার প্রদান করেন। এ সময় পুলিশ সদর দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আইজিপি এ প্রশংসনীয় কাজের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ব বোধ ও দলগত সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে দ্রুত ও পেশাদার পুলিশি সেবা প্রদান, দেশি-বিদেশি সব নাগরিককে নিরাপত্তা প্রদান ও আস্থা অর্জন, পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপনের নির্দেশনা দেন।
এর আগে ল্যাপটপ ও ক্যামেরা খোয়ানোর পর ক্রিল ল্যান্ডারের কান্নার ভিডিও দেখে ১০ অক্টোবর তাঁর হাতে একটি ম্যাকবুক তুলে দিয়েছিলেন মুক্তি মাহমুদ নামের এক ব্যক্তি। তিনি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী ক্রিলের হাতে ম্যাকবুকটি তুলে দিয়ে মুক্তি মাহমুদ বলেছিলেন, বাংলাদেশ থেকে ফেরার আগে তরুণ এই পর্যটক যেন অন্তত কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে পারেন, সেটাই তার চাওয়া।

Posted ৭:১৩ পিএম | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


