



গাজীপুর প্রতিনিধি | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 27 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা বাস স্ট্যান্ড এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ এবং আবাসিক হোটেলের অসৎ ব্যবসায়ীসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ, ভবনের মালিক দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সাংবাদিকতার আড়ালে আব্দুল মান্নান ওই আবাসিক হোটেলে পতিতাবৃত্তি কাজ চালিয়ে যাচ্ছেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করেই সেখানে এসব কার্যক্রম চালিয়ে আসছেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রশাসনকে অবহিত করেন। এব্যাপারে প্রশাসন ও পুলিশ কয়েক দফা অভিযান চালালেও হোটেলটিতে এসব কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। এ সময় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১১ জন নারী, ২৬ জন পুরুষসহ অসাধু ব্যবসায়ী মো. শামীম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে ভবনের মালিক সাংবাদিক আব্দুল মান্নান বলেন, আবাসিক হোটেলের (চাঁদপুর বোডিং) জন্য আমি ভাড়া দিয়েছি মো. শামীম হোসেনকে। সে আবাসিক হোটেল ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত পতিতাবৃত্তির কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমি ইউএনও এবং ওসি মহোদয়কে লিখিতভাবে অভিযোগ করেছি। প্রশাসন অজ্ঞাত নীরবতা রহস্যজনক কারণে অসামাজিক কার্যকলাপ বন্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। ইতিপূর্বেও ওই আবাসিক হোটেলে পুলিশী অভিযান পরিচালিত হয়েছে। আবাসিক হোটেলে পতিতাবৃত্তির ঘটনা পুলিশের নিকট অভিযোগের বিষয়টি ভবনের মালিক আব্দুল মান্নানের বক্তব্য সঠিক নয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Posted ৬:২৮ পিএম | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


