



অনলাইন ডেস্ক | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত

জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস) এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা “সুবাস”-এর যৌথ উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৫টায় সিলেট শাহজালাল উপশহরের ৫নং গার্ডেন টাওয়ারস্থ “সুবাস” কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারম্যান অরবিন্দু বর্মনের সভাপতিত্বে এবং সুবাস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)।
প্রধান অতিথির বক্তব্যে দিদারুল ইকবাল (S21DAL) বলেন, “একটি প্রগতিশীল সমাজ উন্নয়নে তথ্যের সঠিক আদান-প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি এবং সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধিতে রেডিওর চেয়ে বিশ্বস্ত ও তথ্যবহুল মাধ্যম আর হতে পারে না।”
তিনি আরও বলেন, “প্রযুক্তির এই আধুনিক যুগেও রেডিও কেবল বিনোদনের উৎস নয়, বরং রেডিওর শিক্ষণীয় অনুষ্ঠানগুলো একদিকে যেমন আমাদের স্বাস্থ্য সচেতনতা বাড়াচ্ছে ও নারী ক্ষমতায়ন ত্বরান্বিত করছে, সমাজ থেকে কুসংস্কার দূর করতে সহযোগিতা করছে অন্যদিকে তরুণদের সঠিক পথ দেখিয়ে যুব উন্নয়ন ও একটি মাদকমুক্ত সমাজ গঠনে প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে আমাদের প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী বৃক্ষরোপণ আন্দোলনকে বেগবান করতে রেডিওর সচেতনতামূলক বার্তাগুলো অত্যন্ত সময়োপযোগী।”
সুবাস-এর কার্যালয়ে ‘রেডিও কর্নার’ স্থাপনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধান অতিথি আরও বলেন, “কাজের ফাঁকে ফাঁকে রেডিওর অনুষ্ঠান শোনা আপনাদের শুধু বিনোদনই দেবে না, বরং আপনাদের জ্ঞান ও সচেতনতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তথ্যই শক্তি, আর রেডিও সেই শক্তিকে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেবে।” আধুনিক প্রযুক্তির ভিড়েও নিজেকে দেশপ্রেমিক ও সচেতন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে তিনি তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষকে নিয়মিত রেডিও শোনার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। পরিশেষে, জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা ও “সুবাস”-এর নেওয়া যৌথ সাংগঠনিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে রেডিওর ইতিবাচক ও শিক্ষণীয় বার্তাগুলোকে নিজেদের জীবনে কাজে লাগিয়ে একটি সবুজ, সুন্দর ও সমৃদ্ধ সচেতন সমাজ গড়ে তুলি।”
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সুবাস এর অর্থ সম্পাদক মো. ফখরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সেক্রেটারি সালমা বেগম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জাসউস এর ভাইস চেয়ারম্যান কাশমির রেজা, মো. হেদায়েত উল্লাহ, রাজিয়া সুলতানা, আকলিমা বেগম প্রমূখ।
সভায় বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা “সুবাস” ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস) যৌথ ভাবে সমাজ উন্নয়নমূলক কাজ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উভয় সংস্থার সমন্বয় সাধনের জন্য একটি কমিটি প্রস্তুত করা হয়। এতে জাসউস এর সিনিয়র ভাইস চেয়ারম্যান অরবিন্দু বর্মন-কে আহবায়ক এবং জাসউস এর ভাইস চেয়ারম্যান ও সুবাস এর নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন-কে যুগ্ম আহবায়ক, জাসউস এর সেক্রেটারি সালমা বেগম-কে যুগ্ম আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়।
সুবাস ও জাসউস এর যৌথ উদ্যোগে প্রথমিক ভাবে তিনদিনের বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেয়া হয় যা আগামী সপ্তাহে বাস্তবায়ন করতে মো. হেদায়েত উল্লাকে প্রকল্প পরিচালক, সৈয়দ আছলাম হোসেন ও সালমা বেগম-কে সহযোগী সদস্য করে তিন সদস্য বিশিষ্ট কর্মসূচি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
সভায় উভয় সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজকর্মীগণ উপস্থিত ছিলেন।

Posted ৮:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


