



গাজীপুর প্রতিনিধি | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 27 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি শ্রমিকবাহী বাস সড়কের পাশে উল্টে গিয়ে নারীসহ অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে জিএমএস টেক্সটাইল কারখানার শ্রমিকবাহী একটি বাস কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাইসহ বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের তুলে কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কুতুবদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে বাসটি সড়কের পাশে পড়ে গিয়ে উল্টে যায়।

এ সময় বাসের ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় নারী শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হন। তাদের কেউ বাসের ভেতরে আটকা পড়েন, আবার কয়েকজন সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত শ্রমিকদের উদ্ধার করে। পরে তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি পরিদর্শন করে এবং ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন বলেন, সকালে একটি কারখানার কয়েকজন শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম নিশ্চিত করে বলেন, কুতুবদিয়া এলাকায় শ্রমিকবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, শিল্পকারখানা অধ্যুষিত কালিয়াকৈর এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক বাসে করে বিভিন্ন কারখানায় যাতায়াত করেন। শ্রমিকবাহী বাসগুলোর বেপরোয়া গতি, অতিরিক্ত যাত্রী পরিবহন ও চালকদের অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে। তাই শ্রমিকবাহী যানবাহন চলাচলে গতি নিয়ন্ত্রণ ও চালকদের সতর্কতার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Posted ৭:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


