



অনলাইন ডেস্ক | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত

বাংলাদেশে আন্তর্জাতিক বেতার শ্রোতাদের অন্যতম শীর্ষ সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর উদ্যোগে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী ভিয়েতনামের জাতীয় সংবাদ ও সম্প্রচার মাধ্যম ‘ভয়েস অব ভিয়েতনাম’ (VOV)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক বিশেষ মতবিনিময় সভা ও প্রীতি চা-চক্রের আয়োজন করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর শাহপরান বাহুবল গ্রীণল্যান্ড আবাসিক এলাকায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)।
সভার শুরুতে ভয়েস অব ভিয়েতনামের দীর্ঘ সফল পথচলা এবং বিশ্বব্যাপী বস্তুনিষ্ঠ সংবাদ ও ভিয়েতনামের সমৃদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার গৌরবময় ৮১ বছর পূর্তি উপলক্ষে আনন্দ প্রকাশ করে দিদারুল ইকবাল (S21DAL) বলেন, ১৯৪৫ সালের ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ভয়েস অব ভিয়েতনাম তথ্য ও প্রযুক্তির আধুনিকায়নের সাথে সাথে বিশ্বজুড়ে কোটি কোটি শ্রোতার হৃদয়ে স্থান করে নিয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার শ্রোতাদের কাছে এর ইংরেজি ও অন্যান্য আন্তর্জাতিক ভাষার অনুষ্ঠানগুলো অত্যন্ত জনপ্রিয় ও শিক্ষণীয়। বাংলাদেশে বেতার শ্রোতা আন্দোলনকে বেগবান করতে এবং বিশ্ব সংস্কৃতি ও মৈত্রীর বন্ধন দৃঢ় করতে ভয়েস অব ভিয়েতনামের ভূমিকা অনন্য। তিনি আরও উল্লেখ করেন যে, ভিয়েতনামের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই ধরনের বেতার ক্লাবগুলোর কার্যক্রমের মাধ্যমে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদান আরও সুদৃঢ় হবে।
এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেটের সভাপতি বিক্রম রায় ও যুগ্ম সম্পাদক বিদ্যাপ্রকাশ বাক্তী, বিকাশ রঞ্জন দাশ, রিমা, নাফিউল ইসলাম হায়মন, প্রথম দাস রাজবীর, দৈপায়ন দাস, আবির হোসেন রিয়ান, আনাস বিন মুখলিছুর রহমান, রুহুল আমিন, তামজিদ আহমদ তানজিম, তাওফিক আহমদ তাহসিন, কাজী ইফতেকার উদ্দীন মাশফি, রাইসা তাবাসসুম জারা প্রমুখ।
অনুষ্ঠানে সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে ভয়েস অব ভিয়েতনামের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে একটি বিশেষ অভিনন্দন বার্তা এবং শ্রোতাদের পক্ষ থেকে তৈরি করা শুভেচ্ছা স্মারক প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়। মতবিনিময় সভা শেষে এক আনন্দঘন পরিবেশে শিশুদের নিয়ে ফটোসেশন করা হয় এবং উপস্থিত শ্রোতা ও অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Posted ৯:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


