শিরোনাম >>
শিরোনাম >>

জগন্নাথপুরে ২০ বছর পর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি   |   শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   290 বার পঠিত

জগন্নাথপুরে ২০ বছর পর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নাম পরিচয় গোপন করে পালিয়ে থাকার ২০ বছর পর দলবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত উপেন্দ্র চৌধুরীর ছেলে বিশ্বজিৎ চৌধুরী (৪৫)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলা করেন ওই ধর্ষিতা। এরপর থেকেই মামলার প্রধান আসামি বিশ্বজিৎ চৌধুরী পলাতক ছিলেন। ৪ বছর পর তার অনুপস্থিতিতেই ২০০৭ সালে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মামলার দায়েরের পর বিশ্বজিৎ প্রথমে ভারতে চলে যায়। কয়েকবছর পর সে দেশে ফিরে হবিগঞ্জে তার নাম পরিচয় গোপন রেখে ছদ্মনাম ধারণ করে ।

পরে সেখানে বিয়ে করে ভিডিও ক্যামেরাম্যানের কাজ করে আসছিল।

ওসি আমিনুল বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর তথ্য প্রযুক্তির সহযোগিতায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশ ও সজিব মিয়ার নেতৃত্বে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Posted ১২:২৯ এএম | শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com