



দিল আহমেদ, জামালগঞ্জ (সুনামগঞ্জ) | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 56 বার পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনকে কেন্দ্র করে সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে থানার সামনের সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের মধ্যে দলীয় বিরোধ চলে আসছে। এর জেরে দলটির নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই পক্ষ পৃথক মিছিল বের করে। মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হলে প্রথমে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উভয় পক্ষের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার আহ্বান জানিয়েছিলেন।
এক পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান ও সদস্য মোহাম্মদ শাহজাহান, জুলফিকার চৌধুরী রানা, মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, কৃষকদলের আহ্বায়ক মোবারক হোসেন, মৎস্যজীবী দলের আহ্বায়ক জয়নাল আবেদীন এবং কৃষকদলের সদস্যসচিব আসদা নূর সাদীসহ অন্য নেতাকর্মীরা।
অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, আজিজুর রহমান, আজাদ হোসেন বাবলু, মাসুম মাহমুদ তালুকদার এবং সদস্য এমদাদুল হক আফিন্দী, এড. শাহীনূর রহমান শাহীন, ইকবাল হাসান, ফরিদ মিয়া তালুকদার, আলী আক্কাস মুরাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরন ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমানসহ অন্য নেতাকর্মীরা।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর কামলাবাজ গ্রামের জুবায়ের আহমদ (২৯), দক্ষিণ কামলাবাজ গ্রামের জাহাঙ্গীর মিয়া (৩০), লক্ষ্মীপুর গ্রামের কয়েল মিয়া (৩৮), উজান লালপুর গ্রামের শোয়াব আলী (৬১), ছেলাইয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩০), সেলিমগঞ্জ গ্রামের সানোয়ার হোসেন (৪৫), গজারিয়া গ্রামের সাজেদা আক্তার (২৪), উত্তর কামলাবাজ গ্রামের ফারুক আহমদ (৩৫), দক্ষিণ কামলাবাজ গ্রামের দ্বীন ইসলাম স্বপন (২৯), লক্ষ্মীপুর গ্রামের আশরাফ উদ্দিন (৪৯), সাচনাবাজার গ্রামের আব্দুল মোশাব্বির (৩০), লক্ষ্মীপুর গ্রামের মো. সামাউল (৪০), কামাল হোসেন (৭৫) এবং ইনছানপুর গ্রামের মিজানুর রহমান (৪২)।
এব্যাপারে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়জুর রহমান বলেন, শনিবার দুপুরে বিএনপির ১২ জন নেতাকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ইটপাটকেলের আঘাত রয়েছে।
জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষ পৃথক মিছিল বের করে। মিছিল দুটি থানার সামনের সড়কে এলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ ঘটনাস্থলের কাছে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এছাড়াও এমপি মহোদয় তাৎক্ষণিক মূহুর্তে তাহিরপুর থেকে তাঁর কয়েকজন প্রতিনিধি পাঠিয়ে বিষয়টি সমাধানের জন্য আশ্বস্ত করেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Posted ৬:৫৬ পিএম | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


