



জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) জামালগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা এবং অপর একজনের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে উপজেলার ভীমখালী ইউনিয়নের ছেলাইয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মুনছুর আলীকে (৩৭)। তাঁর বিরুদ্ধে ৩ নভেম্বর জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ ছাড়া একই ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে তুলা মিয়াকে (৫৫) ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ৪ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের বিষ্ণুপুর (বড়হাটি) গ্রামের মৃত অশ্বিনি সরকারের ছেলে অজিত সরকারকে (৬৫) এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও ৪ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ ছাড়া সিআর-৩১৩ নম্বর মামলায় পেনাল কোডের ৪২০/৪২২/৫০৬(২)/১০৯ ধারায় জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বদরপুর গ্রামের ধীরেন্দ্র চন্দ্র শীলের ছেলে পিযুষ চন্দ্র শীল (৪৪) এবং মো. গোল হোসেনের ছেলে মুনসুন আলীকে (৪৮) গ্রেপ্তার করা হয়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো বন্দে আলী জানান, গ্রেপ্তারকৃত পাঁচজনকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে। আর এধরণের অভিযান সবসময় অব্যাহত থাকবে।

Posted ৭:১৫ পিএম | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


