



রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় সরকারি খাস জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা ও বাধা দেওয়ায় একটি অসহায় পরিবারের ওপর হামলা এবং শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌর শহরের হবিবনগর এলাকার বাসিন্দা মৃত আব্দুল সালামের স্ত্রী হলুদা আক্তার দীর্ঘ ৩১ বছর ধরে পরিবার-পরিজন নিয়ে সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গায় বসবাস ও ভোগদখল করে আসছেন। ১৪ নভেম্বর সকালে এলাকার প্রভাবশালী আমির উদ্দিন গংরা পূর্বপরিকল্পিতভাবে ওই জায়গাটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।
এ সময় বাধা দিলে অভিযুক্তরা ওই অসহায় পরিবারের ঘরে অনধিকার প্রবেশ করে লোকজনকে বেধড়ক মারপিট করে এবং নারীদের শ্লীলতাহানি করে। স্থানীয়রা এগিয়ে এসে বাধা দিলে হামলাকারীরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ভুক্তভোগী পরিবারের নিকট সংরক্ষিত রয়েছে।
উক্ত ঘটনায় অভিযুক্তরা হলেন— ১. আমির উদ্দিন (পিতা: ফয়জুল উল্লাহ), ২. মঈন উদ্দিন (পিতা: মৃত হাজী তেরাব আলী), ৩. আশিক মিয়া, ৪. আলী হোসেন (পিতা: জয়নাল আবেদীন)—সকলের সাং- হবিবনগর, এবং ৫. আব্দুল কুদ্দুস (পিতা: আব্দুল জহুর, সাং- জগন্নাথপুর)।
এ বিষয়ে ভুক্তভোগী হলুদা আক্তার জানান, “আমি দীর্ঘ ৩১ বছর ধরে পরিবার-পরিজন নিয়ে এখানে বসবাস করে আসছি। পূর্বে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে গিয়ে এই জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন। এর পর থেকেই আমির উদ্দিন গংরা জোরপূর্বক আমাদের ঘরে হামলা চালায়। যেহেতু এই জায়গা সরকারি, তাই আমরা প্রশাসনের নিকট এর সুচারু বিচার চাই।” এ বিষয়ে অভিযুক্ত আমির উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন জানান, “আমি অভিযোগ পেয়েছি এবং তৎক্ষণাৎ লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। এটি ডিসি খতিয়ানভুক্ত সরকারি জায়গা, এখানে কেউ অবৈধভাবে দখল করতে পারবে না। যারা অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তদন্তের বিষয়ে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, “আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি এবং কাজ বন্ধ করে দিয়েছি। বিবাদীরা তাদের ঘরে হামলা চালিয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুখলেসুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Posted ৬:৩১ পিএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


