শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে শিল্পাঞ্চল অচল হয়ে পড়ছে, কারখানায় ঝুলছে তালা, সাধারণ শ্রমিকরা উদ্বিগ্ন

গাজীপুর প্রতিনিধি   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   66 বার পঠিত

গাজীপুরে শিল্পাঞ্চল অচল হয়ে পড়ছে, কারখানায় ঝুলছে তালা, সাধারণ শ্রমিকরা উদ্বিগ্ন

শিল্পাঞ্চল রাজধানী গাজীপুরের কোনাবাড়ী, কালিয়াকৈর, মৌচাক, সফিপুর ও চন্দ্রা – এই পাঁচটি শিল্পাঞ্চল এখন একই ছবি। সকাল হলেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নামছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। অবরোধ, ভাঙচুর, কোথাও কোথাও অগ্নিসংযোগ। বন্ধ হয়ে যাচ্ছে যানবাহন চলাচল। আর এর মাঝখানে আটকে আছেন সাধারণ যাত্রী, সাধারণ শ্রমিক আর দেশের সবচেয়ে বড় রপ্তানি শিল্প।

বেতন বৃদ্ধির দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন আর শুধু দাবি আদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি পরিণত হয়েছে মহাসড়ক অচল করা, কারখানা বন্ধ করা আর সংঘর্ষ, ভাঙচুর অগ্নিসংযোগ নাশকতাকারীদের অপতপ্রতা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান এই পথেই চলে। কিন্তু গত কয়েকদিন ধরে প্রতিনিয়ত অবরোধের কারণে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছেন রোগী, পরীক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীরা।

মুজিবুর রহমান নামে একজন যাত্রী বলেন, চন্দ্রা থেকে গাজীপুর যেতে যেখানে ৩০ মিনিট লাগে, সেখানে এখন ৪-৫ ঘণ্টা লাগছে। বাচ্চা নিয়ে, অসুস্থ মানুষ নিয়ে রাস্তায় বসে থাকা ছাড়া উপায় নেই। যাত্রী সাধারণের এই সীমাহীন দুর্ভোগ এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আন্দোলনের নামে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, সাধারণ শ্রমিকদের আড়ালে দুর্বৃত্তরা এই নাশকতা ঘটাচ্ছে। পুলিশ মনে করেন, নিষিদ্ধ সংগঠনের কর্মীরা দেশকে অস্থিতিশীল করার জন্য সরল শ্রমিকদের উস্কে দিচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কর্মীরা নাশকতা করতে গিয়ে গ্রেফতার হচ্ছে পুলিশের কাছে। এই উসকানি আর নাশকতাই আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।

পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে একের পর এক কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করছেন। বেশ কয়েকটি কারখানা ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে চন্দ্রার এপেক্স ফুটওয়্যার লিমিটেড ইউনিট-১, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, করণী ফ্যাশনস লিমিটেড ও নীট কম্পোজিট সহ ৭টি শতভাগ রপ্তানিমুখি কারখানা। এসব কারখানা বন্ধ হওয়ার অর্থ শুধু একদিনের উৎপাদন বন্ধ নয়। এর অর্থ হলো – শিপমেন্ট বিষয়, বায়ারদের সাথে কমিটমেন্ট অনুযায়ী সময়মতো পণ্য পাঠানো যাচ্ছে না। বিদেশি বায়াররা অর্ডার বাতিল করলে সেই ক্ষতি আর পূরণ হবে না। আস্থার সংকট, বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা অন্য দেশে অর্ডার সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। শ্রমিকের ক্ষতি, কারখানা বন্ধ থাকলে শেষ পর্যন্ত ক্ষতি শ্রমিকদেরই। বেতন, ওভারটাইম, বোনাস – সব অনিশ্চয়তায় পড়ে যায়।

এই আন্দোলনের সবচেয়ে বড় সত্যিটা হলো – বেশিরভাগ সাধারণ শ্রমিক আসলে কাজ করতে চান। কর্মরত বেশিরভাগ শ্রমিক চলমান আন্দোলনের নামে নাশকতা ও কারখানা বন্ধের পক্ষে নয়। তারা কারখানায় যোগদানে আগ্রহী।

কল্পনা আক্তার, হোসনে আরা, মাসুদ রানা সহ কয়েকজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আন্দোলন চাই না, কাজ চাই। কারখানা বন্ধ হলে আমরা খাব কী? আমাদের সংসার চলবে কীভাবে? যারা নাশকতা করেছে তারা তো উধাও। আমাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন।

অভিযোগ উঠেছে, মদদপুষ্ট কিছু শ্রমিকের উশৃঙ্খলতা, নাশকতা আর বিশৃঙ্খলার কারণে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। অল্প কিছু মানুষের জন্য হাজার হাজার শান্তিপ্রিয় শ্রমিক ভোগান্তিতে পড়ছেন।

দেশের বর্তমান অর্থনৈতিক দুরবস্থার মধ্যে কারখানা বন্ধ হলে ভয়াবহ পরিণতি আশঙ্কা করা হচ্ছে। কারখানা বন্ধ হলে শুধু মালিকের ক্ষতি হয় না। ক্ষতি হয় সবার। জীবন-জীবিকা বিপর্যস্ত: লক্ষ লক্ষ শ্রমিকের জীবিকা নির্বাহ বন্ধ হয়ে যাবে। পরিবারে নেমে আসবে দুর্বিষহ এবং বেকারত্ব বাড়বে।
সেই সাথে অপরাধ প্রবণতা বৃদ্ধি: বেকারত্ব বাড়লে অপরাধ প্রবণতা বাড়বে। চুরি, ছিনতাই, মাদক – সব বেড়ে যাবে। একটি শিল্পাঞ্চল ধীরে ধীরে অপরাধের এলাকায় পরিণত হতে পারে।

শিল্প প্রতিষ্ঠান বন্ধ হলে দেশের রাজস্ব ক্ষতি। শিল্প প্রতিষ্ঠান থেকে সরকার রাজস্ব পায়। কারখানা বন্ধ হলে সেই রাজস্ব কমে যাবে। রপ্তানি আয় কমে গেলে ডলার সংকট আরও বাড়বে।

মহাসড়কে যানবাহন স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা মহাসড়ক খোলা রাখার চেষ্টা করছেন। এই সংঘর্ষে উভয় পক্ষেই আহত হওয়ার ঘটনা ঘটছে। সংঘর্ষ বাড়লে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

ব্যবসায়ী ও অভিজ্ঞ মহল বলেন,এই অচলাবস্থা থেকে বের হতে হলে এখনই প্রয়োজন :
বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করা, যারা আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ করছে, তাদের খুঁজে বের করে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। সাধারণ শ্রমিক আর নাশকতাকারীকে আলাদা করতে হবে। ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা, পেছন থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই আগুন নিভবে না। সাধারণ শ্রমিকদের নিরাপত্তা দেওয়া, যারা কাজ করতে চান, তাদের নিরাপদে কারখানায় যাওয়ার ব্যবস্থা করতে হবে। মহাসড়ক ও কারখানার ফটকে নিরাপত্তা জোরদার করা। সর্বোপরি দ্রুত আলোচনার মাধ্যমে মালিক, শ্রমিক, প্রশাসন – তিন পক্ষকে এক টেবিলে বসে বেতন ও অন্যান্য দাবি নিয়ে যৌক্তিক সমাধান করা। রাস্তা বন্ধ করে সমাধান আসবে না। শিল্প প্রতিষ্ঠান বাঁচলে দেশ বাঁচবে। শিল্প প্রতিষ্ঠান বাঁচলে সরকার যেমন রাজস্ব পাবে, তেমনি লক্ষ লক্ষ শ্রমিকের জীবিকা নির্বাহ হবে। কারখানা বন্ধ করে, মহাসড়ক বন্ধ করে, ভাঙচুর করে কারও লাভ হবে না। লাভ হবে শুধু তাদের, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়।
এখন সময় এসেছে সাধারণ শ্রমিকদের এগিয়ে আসার। যারা কাজ করতে চান, তাদেরই রুখে দাঁড়াতে হবে নাশকতাকারীদের বিরুদ্ধে। আর প্রশাসনকে নিতে হবে কঠোর কিন্তু ন্যায্য ব্যবস্থা। নইলে এই শিল্পাঞ্চল অচল হয়ে যাবে, আর তার মূল্য দিতে হবে সাধারণ মানুষকেই।

Posted ৬:৪৪ পিএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com