শিরোনাম >>
শিরোনাম >>

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলেই নির্বাচনে অংশ নেবে জামায়াত

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলেই নির্বাচনে অংশ নেবে জামায়াত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় দেখতে চান তারা। তবে নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগ এবং নির্বাচনী এলাকায় ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কারও ‘স্কেপগোট’ হতে চাই না, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় দেখতে চাই। আমরা স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো ও নির্বাচনী এলাকায় ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচন হলে তা সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই।”

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের আমির বলেন, বিএনপির দলীয় একজন অবসরপ্রাপ্ত ক্যাডারকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একজন দলীয় ব্যক্তিকে এ পদে আনার প্রয়োজনীয়তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

জাতীয় সংসদের চিফ হুইপের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সংসদের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তি নিজের এলাকায় গিয়ে বলেছেন, যেখানে বিএনপির প্রার্থী বিজয়ী হবেন না, সেখানে সরকারি বরাদ্দ দেওয়া হবে না। এটি অত্যন্ত লজ্জাজনক এবং নির্বাচনের আগেই জনগণকে ভয় দেখানোর শামিল।

তিনি আরও বলেন, আমরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানাই। তা নিশ্চিত হলেই কেবল আমরা নির্বাচনে অংশ নেব, নতুবা নয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের চেয়ে অন্য মন্ত্রণালয়ে বেশি ব্যস্ত থাকেন। অথচ মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা সমাজে শৃঙ্খলা ফেরাতে তাঁর দৃশ্যমান কোনো ভূমিকা নেই।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হলেও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে দাবি করছেন উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এই ভালো থাকার মাপকাঠি কী?

ভারত থেকে অবৈধ অর্থ ও প্রাণঘাতী অস্ত্র দেশে প্রবেশের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও অর্থ প্রবেশ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। বিদেশি হস্তক্ষেপ বা অনুপ্রবেশের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে জামায়াতের আমির বলেন, সংবাদপত্র সমাজের আয়না, যেখানে দেশের দোষ-ত্রুটি ফুটে ওঠে। ১৯৭৫ সালে সংবাদমাধ্যমের ওপর আঘাত হানা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে মাত্র চারটি পত্রিকা বাদে বাকি সব সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় নির্বাচনে জামায়াতের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, এ সিদ্ধান্ত সময়ের ওপর নির্ভর করছে। দলটি সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ ও জনগণের আকাঙ্ক্ষা পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বিবেচনা করে যথাসময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদ।

এর আগে শনিবার সকালে মৌলভীবাজার সার্কিট হাউসে পৌঁছালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি শহরের শিল্পকলা একাডেমিতে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন ও রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Posted ৮:১৯ পিএম | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com