



নোমান উদ্দিন রায়হান | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 59 বার পঠিত

পবিত্র আধ্যাত্মিক রাজধানী সিলেটে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো দুই দিনব্যাপী বর্ণাঢ্য “শ্রোতা উৎসব ২০২৬: প্রেক্ষিত- আধ্যাত্মিক রাজধানী সিলেট”। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান তথা উৎসবের একটি বিশেষ পর্বে “তথ্য ও বেতারের মেলবন্ধনে, আমরা চলি এক সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণযোগাযোগে অনন্য সহযোগিতা করার স্বীকৃতিস্বরূপ দুই জন গণমাধ্যম কর্মীকে সম্মানজনক ‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬’ (DX Media Award) প্রদান করা হয়েছে।
বিগত ২০২৩-২০২৬ কর্মবছরে সাউথ এশিয়া রেডিও ক্লাবের সামগ্রিক উন্নয়ন, অগ্রগতি ও বহুমুখী সমাজকল্যাণমূলক কর্মতৎপরতার সংবাদ জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে (প্রিন্ট ও অনলাইন) অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ করে গণযোগাযোগে অনন্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার জন্য এবার দুই জন কৃতি গণমাধ্যম কর্মীকে এই সম্মাননা দেওয়া হয়। এই পুরস্কারপ্রাপ্ত কীর্তিমানদের একজন হলেন ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। অন্যজন হলেন ‘দৈনিক উত্তরপূর্ব’-এর সিনিয়র সাব এডিটর ও ‘আজকেরসংবাদ২৪.কম’-এর সম্পাদক ফয়জুল আহমদ।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ প্রতিবছর এই ‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান করে থাকে। এখন পর্যন্ত সিলেটের ৩ জন গণমাধ্যম কর্মী এই পদক অর্জন করেছেন।
উৎসবের প্রথম দিন শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সিলেটের ঐতিহ্যবাহী প্রবেশদ্বার ও ঐতিহাসিক ক্বিন ব্রীজ চত্ত্বরে উৎসবের উদ্বোধক বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, মিডিয়া ব্যক্তিত্ব, রোটারিয়ান ড. মির শাহ আলম (S21MIR) এবং ক্লাবের স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL- সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা) বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন এবং শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
এসময় ড. মির শাহ আলম (S21MIR) তাঁর বক্তব্যে বলেন, “তথ্য ও বেতারের সঠিক মেলবন্ধনই পারে একটি সমাজকে আলোর পথ দেখাতে। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ দীর্ঘ ২৯ বছর ধরে বেতার শ্রোতাদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি সমাজকল্যাণে যে ভূমিকা রাখছে তা বেতার ইতিহাসে অনন্য মাইলফলক। বিশেষ করে গণমাধ্যম কর্মীরা যেভাবে এই ভালো কাজগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তা গণযোগাযোগের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত।”
অ্যাওয়ার্ড প্রদানের সময় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল তার বক্তব্যে বলেন, “বেতার কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষা ও সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। তথ্য ও বেতারের এই মেলবন্ধনে গণমাধ্যম কর্মীরা সমাজের দর্পণ হিসেবে কাজ করছেন। বিগত ২০২৩-২৬ কর্মবছরে আমাদের ক্লাবের উন্নয়ন, মানবিক ও সমাজকল্যাণমূলক কাজে দেশের প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমগুলো যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, তার কৃতজ্ঞতা স্বরূপই এই ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড। আমাদের এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে। আমাদের ক্লাবের কার্যক্রমকে সংবাদপত্রের মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে দিতে সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ ও ফয়জুল আহমদ যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, এই স্বীকৃতি তারই ফলশ্রুতি। আমরা উভয়ের কাছে কৃতজ্ঞ।”
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “যেকোনো স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। সংবাদ মাধ্যমে ভবিষ্যতেও আপনাদের ক্লাবের প্রচারণায় আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”
একই সাথে পুরস্কার প্রাপ্তিতে অনুভূতি ব্যক্ত করে ফয়জুল আহমদ বলেন, “তথ্য ও বেতারের এই মেলবন্ধনকে সংবাদমাধ্যমের পাতায় তুলে ধরতে পেরে আমি আনন্দিত। এই সম্মাননা আগামী দিনে সমাজ ও গণমানুষের কল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করার প্রেরণা জোগাবে।”
দুই দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চলসহ প্রতিবেশী দেশ ভারত থেকে আসা জাতীয় ও আন্তর্জাতিক বেতার শ্রোতা, প্রথিতযশা মিডিয়া ব্যক্তিত্ব, গবেষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।
বর্ণাঢ্য এই উৎসবের সমাপনী পর্বে উৎসবের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য (সিলেট-৬) অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ‘সুবাস’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আছলাম হোসেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, শ্রোতাদের মধ্যে পশ্চিমবঙ্গ ভারতের ইয়ামিন হোসেন, শরীয়তপুরের মো. সাইদুর রহমান সাফিন, কুমিল্লার মো. ইয়াসিন উল্লাহ শিশির, নেত্রকোণার মোহাম্মদ মোখলেছুর রহমান ছোটন ও মোহাম্মদ সুমন আহমেদ, কিশোরগঞ্জের এম. এইচ. মামুন রশীদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- চট্টগ্রামের সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন, বিধান বড়ুয়া, শেখ মোহাম্মদ আজাদ ও আক্তার হোসেন, ঠাকুরগাঁও জেলা ইউনিটের সদস্য মুশফিকুর রহমান (সাহিল), সিলেট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সন্দীপ রায় (S21AAI), রায়হান আহমদ রাশেদ, আ. আলীম ও মো. তামিম উদ্দিন, সিলেট মহানগর ইউনিট সভাপতি এম এ ওয়াদুদ আল মামুন, শাহপরান ইউনিটের সভাপতি মো. ময়নুল হক, সহ-সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক নোমান উদ্দিন রায়হান, সাবেক যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ চৌধুরী, সদস্য মামুনুর রশীদ, ফাতেমা বেগম, মমতা জান্নাত, শাহরিয়া আহমদ শাহী, মো. গোলাম সারোয়ার, মোছা. ফাতেমা জান্নাত মিম ও মুমিনা আক্তার চৌধুরী, লাক্কাতুরা চা বাগান ইউনিটের সভাপতি বিক্রম রায়, সাধারণ সম্পাদক সমিত গঞ্জু, যুগ্ম সম্পাদক অনিকা দাস, সদস্য সারতি সবর, তানজিনা আক্তার রুমা ও সকালমনি দাস, খাঁন চা বাগান ইউনিটের সাধারণ সম্পাদক লোচন বাড়াইক, উপমা রায় ও টুসুমনি বাড়াইক, হাবিবনগর চা বাগান ইউনিটের মিঠুন বিশ্বাস ও প্রীতি রাউতিয়া, ২নং জৈন্তাপুর ইউপি ইউনিটের আহবায়ক আছিয়া আক্তার, সদস্য রোকেয়া আক্তার, ফাহমিদা আক্তার কেয়া, তাসমিম জাহান ইমা, মন্দিরা বাড়াইক, রেজওয়ান আহমেদ, মো. মাসুম আহমদ, খাদিম চা বাগানের সদস্য আসমা আক্তার, রোকসানা বেগম মুন্নি ও মোছা. জেসমিন আক্তার, কালাগুল চা বাগানের রহিমা বেগম, অপি ছত্রী ও ইয়াসমিন আক্তার, জকিগঞ্জের সুমাইয়া মনি, সৈয়দা আজিজা মীম, সৈয়দা নাজিফা মুম ও সৈয়দা নুজাইফা মৌমি প্রমুখ।

Posted ৮:৩০ পিএম | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


