



গাজীপুর প্রতিনিধি | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক হোসেন (২০) উদ্দেশ্যে গায়েবানা জানাজার প্রস্তুতি নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
বুধবার (৪ নভেম্বর) বেলা পৌনে ১টার সময় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে সোমবার হামলায় আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত তৌফিক গাজীপুর মহানগরীর সদর থানার বাংলাবাজার বাহাদুরপুর এলাকার সাগর মার্কেটসংলগ্ন খোরশেদ আলমের বাসায় ভাড়া থাকতেন। তিনি লায়লা স্টাইলস লিমিটেডের কাটিং বিভাগে জুনিয়র লে-ম্যান পদে কর্মরত ছিলেন। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবিবর রহমানের ছেলে। বুধবার তৌফিক হোসেনের জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হয়। শ্রমিকের রুহের আত্মার মাগফেরাত কামনায় বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এনসিপির পূর্ব ঘোষিত গায়েবনা জানাজার প্রস্তুতি চলছিল। জানাজার আগে এনসিপি ও শ্রমিক শক্তির বেশ কয়েকজন নেতা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তারা গায়েবানা জানাজা করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এরপরেও জানাজা করতে চাইলে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও বিজিবি।
এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়। আমরা পোশাক শ্রমিক তৌহিদ হত্যার বিচার দাবি করছি। সেই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাই। আমাদের গায়েবানা জানাজা পড়তে না দিয়ে হামলা করা হয়েছে।
মহানগরীর বাসন থানার ওসি মো. হারুনর রশীদ জানান, এনসিপির নেতারা গাজীপুর চৌরাস্তা রাস্তার মূল পয়েন্টে জানাজার উদ্যোগ নেয়। এ সময় প্রশাসন থেকে বলা হয়, পাশের মসজিদ, ঈদগাহ মাঠ অথবা খেলার মাঠে জানাজা পড়তে। কিন্তু তারা শুনেননি। পরে বাধ্য হয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।

Posted ৮:০৩ পিএম | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


