



গাজীপুর প্রতিনিধি | সোমবার, ২২ জুন ২০২৬ | প্রিন্ট | 32 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিভিন্ন প্রকল্পের অনুকূলে ৩ কোটি ৫০ লক্ষ টাকার চেক বিতরণী শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর,কাবিখা,কাবিটার বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পের ২ কোটি ৫৬ লক্ষ ৪০ হাজার টাকা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতায় ৯৩ লক্ষ টাকা সহ সর্বমোট ৩ কোটি ৪৯ লক্ষ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হুসাইনের সভাপতিত্বে ও পৌর নির্বাহী জাহিদুল আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-শ্রম ও বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমদ সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর ১০১ টি প্রকল্পের আওতায় ১ কোটি ২০ লক্ষ টাকা ও কাবিখা/কাবিটা ৪৪ প্রকল্পের আওতায় ১ কোটি ৩৬ লক্ষ ৪০ হাজার টাকা সহ ১৪৫ প্রকল্পের আওতায় সর্বমোট ২ কোটি ৫৬ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা প্রকৌশলী মোঃ মাকসুদুন্নবী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতায় পৌরসভা ও উপজেলায় মোট ৩১ জামে মসজিদে প্রতিটা ৩ লক্ষ টাকা করে মোট ৯৩ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া উপজেলা পরিষদের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক ও সাপের বিষের প্রতিষেধক বিতরণ করা হয়।

Posted ৬:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


