



জামালগঞ্জ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 44 বার পঠিত

সিলেটের গোয়াইনঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের আলোচিত সভায় ডান পাশে ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা জেলা ছাত্রলীগ নেতা ওমর ফারুককে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের তাঁর নিজ গ্রাম লম্বাবাঁক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ওমর ফারুক জেলা ছাত্রলীগের সহসভাপতি। সম্প্রতি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকায় একটি রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সভা করার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
গত ৮ নভেম্বর রাতে গোয়াইনঘাটের রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রনজিত চন্দ্র সরকার। সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
ভিডিওতে দেখা যায়, রনজিত চন্দ্র সরকার বক্তব্য দেওয়ার সময় তাঁর পেছনে দলীয় ব্যানার হাতে দাঁড়িয়ে রয়েছেন ওমর ফারুক। এ ঘটনায় তাঁর পরিচয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, রিসোর্টে ওই সভা আয়োজনের ঘটনায় গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় পুলিশ বাদী হয়ে রনজিত চন্দ্র সরকারসহ ১৯৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।
এদিকে, গত ১৭ নভেম্বর রাতে জামালগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলারও তালিকাভুক্ত আসামি ওমর ফারুক।
এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককে বৃহস্পতিবার ভোরে জামালগঞ্জের লম্বাবাঁক গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জামালগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

Posted ৭:০৬ পিএম | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


