



অনলাইন ডেস্ক | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 28 বার পঠিত

‘সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পণ্য নিষিদ্ধ করুন, শিশু-তরুণদের রক্ষা করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে “জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৬” পালন করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ‘সুবাস’।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকাল ৫টায় সিলেট শাহজালাল উপশহরের ৫নং গার্ডেন টাওয়ারস্থ “সুবাস” কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘সুবাস’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আছলাম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL- সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা)।
প্রধান অতিথির বক্তব্যে দিদারুল ইকবাল (S21DAL) বলেন, “তামাক ও নিকোটিন পণ্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বিশেষ করে ই-সিগারেট ও ভ্যাপের মতো আধুনিক নিকোটিন পণ্য আকর্ষণীয় মোড়কে তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। শিশু ও তরুণদের এই মরণব্যাধি থেকে রক্ষা করতে হলে অবিলম্বে নতুন আইন বা অধ্যাদেশের মাধ্যমে সব ধরনের ই-সিগারেট ও নিকোটিন পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। শুধু সরকারি পদক্ষেপই নয়, তামাকমুক্ত সমাজ গঠনে গণমাধ্যম ও সচেতন সামাজিক সংগঠনগুলোকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।”
সভাপতির বক্তব্যে সৈয়দ আছলাম হোসেন বলেন, “তরুণ সমাজকে রক্ষায় তামাকবিরোধী প্রচারণাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে তামাকজাত দ্রব্যের সহজলভ্যতা বন্ধ করা এবং প্রাথমিক শিক্ষাক্রম থেকেই এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরা এখন সময়ের দাবি। ‘সুবাস’ একটি সুস্থ ও তামাকমুক্ত সমাজ বিনির্মাণে তার কার্যক্রম অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সভাপতি মো. ময়নুল হক, সংস্থার অন্যান্য কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কাছে ই-সিগারেট ও ভ্যাপ সম্পূর্ণ নিষিদ্ধ করে দ্রুত কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান।

Posted ২:৫৯ পিএম | রবিবার, ১১ অক্টোবর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


