



অনলাইন ডেস্ক | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

গাজায় চলমান পরিস্থিতিকে বিপর্যয়কর ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ব্রিটিশ গায়ক এড শিরান। শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় কনসার্ট শুরুর আগে গাজা যুদ্ধ নিয়ে কথা বলেন তিনি। এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
শিরান বলেন, তিনি চান তার গান ও পরিবেশনা ঐক্য ও মানবিকতার বার্তা দিক, রাজনীতির নয়। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলাকে ভয়াবহ উল্লেখ করে গাজায় বর্তমানে যা ঘটছে তাকে ‘বিপর্যয়কর ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমি ভক্তদের হতাশ করতে চাই না। কখনোই নিজেকে রাজনৈতিক কর্মী হিসেবে দেখতে চাইনি। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা এবং বিশ্বের সবচেয়ে জটিল রাজনৈতিক ইস্যুগুলোর একটি নিয়ে গুরুত্বপূর্ণ ও তীব্র বিতর্কের মধ্যে আমাকে টেনে আনা হয়েছে।
শিরানের এই বক্তব্য আসে তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিতর্কের মধ্যে। এর আগে তার কনসার্টের উদ্বোধনী শিল্পী র্যাপার ম্যাকলমোরকে বাদ দেওয়া হয়। ৫ সেপ্টেম্বর নিউ জার্সির এক অনুষ্ঠানে মঞ্চে ফ্রি প্যালেস্টাইন বলার পর তাকে বাদ দেওয়া হয়েছিল। ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্তে নিজের ভূমিকা ছিল না বলে জানিয়েছেন শিরান। তার কনসার্টের কয়েকজন সহশিল্পীও পরে ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে সফর থেকে সরে দাঁড়ান।
শিরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে থাকার কথা ছিল আইরিশ লোকসংগীত দল বিওগার। পরে তারা সরে দাঁড়ায়। ম্যাকলমোরের পরিবর্তে ডেনিশ ব্যান্ড লুকাস গ্রাহাম ও আইরিশ গায়ক অ্যারন রোকে নেওয়া হলেও তারাও সফর থেকে সরে যান। দক্ষিণ আমেরিকা সফরে শিরানের সঙ্গে থাকার কথা ছিল ফিনিয়াসের, তিনিও এ সপ্তাহে সরে দাঁড়িয়েছেন।
শনিবারের কনসার্টের আগে স্টেডিয়ামের বাইরে ফিলিস্তিনপন্থি বিক্ষোভও হয়। এ সময় বিক্ষোভকারীদের কেউ কেউ শিরানের অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেন। অন্যদিকে কনসার্টে উপস্থিত এক ভক্ত বলেন, কনসার্ট সংগীত উপভোগের জায়গা এবং সেখানে রাজনীতি থাকা উচিত নয়। তার মতে, সংগীত মানুষের মধ্যে ঐক্য তৈরি করা উচিত।
ফিলাডেলফিয়ার দর্শকদের উদ্দেশে শিরান বলেন, তার কনসার্টে সবার স্বাগত রয়েছে। পরস্পরের ভিন্ন মত থাকলেও সবাই তার ভালোবাসা, আশা ও ঐক্য-এর গান একসঙ্গে গাইতে পারেন।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার সময় ভেন্যুগুলো আগে থেকেই পরিবেশনা অনুমোদন করে দেওয়ার ঘটনা তিনি দেখেছেন। তবে ‘মুক্ত বিশ্বে’ এমনটা কখনও হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন শিরান।

Posted ৮:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


