



মো. আফজল চৌধুরী | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত

অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত বিশাল দ্বীপপুঞ্জীয় দেশ ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বেতার মাধ্যম রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (RRI)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটে উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) নগরীর শাহপরানের হোটেল আপন প্যালেসে দেশের অন্যতম শীর্ষ বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)— শাহপরান ইউনিট, সিলেট এবং ভয়েস অব ইন্দোনেশিয়া ফ্যান ক্লাব অব বাংলাদেশ (VOI-FCB)-এর যৌথ উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা, কেক কাটা ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান থেকে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (RRI) কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের শ্রোতাদের জন্য নিয়মিত বাংলা অনুষ্ঠান সম্প্রচারের জোর দাবি জানানো হয়েছে।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)— শাহপরান ইউনিটের সভাপতি মো. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সমাজসেবক, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম (S21MIR)।
তিনি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার ঐতিহাসিক ও সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “দুই দেশের মৈত্রীর বন্ধনকে সাধারণ জনগণের পর্যায়ে আরও গভীর ও অর্থবহ করে তুলতে ভয়েস অব ইন্দোনেশিয়ার ভূমিকা অনস্বীকার্য। সাউথ এশিয়া রেডিও ক্লাব, ভিওআই ফ্যান ক্লাবের মতো শ্রোতা সংগঠনগুলো দুই দেশের সংস্কৃতি ও জনগণের মধ্যে একটি চমৎকার সেতু বন্ধন হিসেবে কাজ করছে।”
দীর্ঘ আট দশক ধরে বস্তুনিষ্ঠ ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের জন্য RRI কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে ড. মির শাহ আলম ক্লাবের ও বাংলাদেশের শ্রোতাদের পক্ষ থেকে মূল দাবিটি উত্থাপন করে বলেন, “বাংলা পৃথিবীর অন্যতম প্রধান ও সমৃদ্ধ ভাষা। RRI থেকে বাংলাদেশের শ্রোতাদের জন্য নিয়মিত ‘বাংলা অনুষ্ঠান’ সম্প্রচার করা এখন সময়ের দাবি। দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশে অবস্থানরত ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক বেতারের শ্রোতারা, বিশেষ করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এবং ভয়েস অব ইন্দোনেশিয়া ফ্যান ক্লাব বাংলাদেশ (ভিওআই-এফসিবি)-এর পক্ষ থেকে এই দাবি ২০১২ সাল থেকে জানিয়ে আসছে।” এই উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশের মানুষ ইন্দোনেশিয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়ন সম্পর্কে সরাসরি জানতে পারবে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার দীর্ঘ ইতিহাস, RRI-এর সাথে বাংলাদেশের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এবং ভিওআই ফ্যান ক্লাবের সুদীর্ঘ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আন্তর্জাতিক সংস্কৃতি বিনিময় এবং তথ্য আদান-প্রদানে বেতারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিশিষ্ট রেডিও অ্যাক্টিভিস্ট, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এবং ভিওআই ফ্যান ক্লাব অব বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL)। তিনি বলেন, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সুসম্পর্ক রয়েছে। ভয়েস অব ইন্দোনেশিয়ায় বাংলা সার্ভিস চালু করা হলে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাংলাভাষী শ্রোতারা ইন্দোনেশিয়ার সংস্কৃতি, পর্যটন ও অর্থনীতি সম্পর্কে সরাসরি জানতে পারবেন। ভয়েস অব ইন্দোনেশিয়া বর্তমানে তাদের শর্টওয়েভ (SW) ফ্রিকোয়েন্সি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী ইংরেজি, আরবি, ম্যান্ডারিন, ফরাসি, জাপানি, জার্মান, ডাচ, স্প্যানিশসহ আটটি বিদেশী ভাষায় অনুষ্ঠান প্রচার করলেও পৃথিবীর অন্যতম প্রধান ভাষা ‘বাংলা’ এখনো অন্তর্ভুক্ত করা হয়নি। ১৯৪৫ সালের ১১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত এই রাষ্ট্রীয় বেতার মাধ্যমটির ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ মুহূর্তে দক্ষিণ এশিয়ার শ্রোতারা আশা করছেন যে আরআরআই কর্তৃপক্ষ তাদের এই দীর্ঘদিনের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার দেলোয়ার হোসেন নাদিম, সাবেক মহিলা কমিশনার (৩১, ৩২ ও ৩৩নং ওয়ার্ড) মোছা. সাজেদা বেগম এবং দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পদক ও বেসরকারী উন্নয়ন সংস্থা সুবাস-এর নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেটের চাকরির খবরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, নিউজ বাংলা ডট নিউজের সম্পাদক খায়রুল আলম সুমন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান ও ভিওআই ফ্যান ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক তাছলিমা আক্তার লিমা ও শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিটের উপদেষ্টা মো. আব্দুছ ছবুর চৌধুরী, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম ও মো. আফজল চৌধুরী, সদস্য মো. মামুনুর রশিদ, জুনেদ আহমদ ও মো. দিলু মিয়া, লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদরের সভাপতি বিক্রম রায়, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী ও রায়হান আহমদ, সুবাস, সিলেটের অর্থ সম্পাদক মো. ফখরুল ইসলাম, শাহপরাণ রহ. ইসলামী সাংস্কৃতিক ফোরাম, সিলেটের সাধারণ সম্পাদক কে.এম খালিদ মুহাম্মদ, বাচিক শিল্পী মো. সুয়েজ হোসেন, বিকাশ রঞ্জন দাশ, সুবীর কর্মকার, মাহবুব হাসান রাজু প্রমুখ।
অতিথিরা তাঁদের বক্তব্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং আরআরআই-এর সাথে বাংলাদেশের শ্রোতা ও শ্রোতা ক্লাবের মধ্যকার গভীর ও সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধনের ভূয়সী প্রশংসা করেন। এবং তারা ড. মির শাহ আলম ও দিদারুল ইকবালের প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে আরআরআই-তে দ্রুত বাংলা অনুষ্ঠান চালু করার দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত সবাইকে সাথে নিয়ে কেক কেটে আরআরআই-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সহ শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্বশান্তি ও বেতারের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। পরিশেষে উপস্থিত সকলকে আপ্যায়নের মধ্য দিয়ে এই আনন্দঘন ও সফল আয়োজনের সমাপ্তি ঘটে।

Posted ১১:২২ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


