



অনলাইন ডেস্ক | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত

বেতার শ্রোতা আন্দোলন, জনসচেতনতা বৃদ্ধি এবং আর্তমানবতার সেবায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন ০২)’-এর “শ্রেষ্ঠ সক্রিয় রেডিও শ্রোতা ক্লাব” ক্যাটাগরিতে মনোনয়ন লাভ করেছে ঐতিহ্যবাহী শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
১ অক্টোবর ১৯৯৭ সালে বিশিষ্ট রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবালের (S21DAL) নেতৃত্বে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ ২৯ বছর ধরে বাংলাদেশে ঝিমিয়ে পড়া বেতার শ্রোতা আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে এবং বেতারের মাধ্যমে সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির এই আধুনিক যুগেও রেডিওর চিরন্তন আবেদনকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে ক্লাবটি দেশব্যাপী এক বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে।
সংগঠনটি বাংলাদেশ বেতারের পাশাপাশি চায়না রেডিও ইন্টারন্যাশনাল (সিআরআই), রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া ওয়ার্ল্ড সার্ভিস ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই), রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ), ডয়চে ভেলে (ডিডব্লিউ), ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি), ভয়েস অব আমেরিকা (ভিওএ), বিবিসি বাংলা, এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান, কেবিএস ওয়ার্ল্ড রেডিও, রেডিও প্রাগ ইন্টা:, রেডিও ফ্রান্স ইন্টা:, রেডিও থাইল্যান্ড ইন্টা:, রেডিও স্লোভাকিয়া ইন্টা:, রেডিও রোমানিয়া ইন্টা:, রেডিও তেহরানের মতো বিশ্বখ্যাত আন্তর্জাতিক বেতারের শিক্ষণীয় অনুষ্ঠানমালা তৃণমূলের সাধারণ মানুষের মাঝে জনপ্রিয় করতে ক্লাবটি সেতু হিসেবে কাজ করছে। প্রতি বছর জাতিসংঘের সংস্থা ইউনেস্কো (UNESCO)-এর বৈশ্বিক অংশীদার হিসেবে ‘বিশ্ব বেতার দিবস’ উদযাপনেও ক্লাবটি সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
ইতিপূর্বে বেতারের প্রচার-প্রসারে অনন্য অবদানের জন্য বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, চীন, ফিলিপাইন, ভারত থেকে আন্তর্জাতিকভাবে একাধিক ‘সেরা সক্রিয় ক্লাব’-এর সম্মাননা অর্জন করেছে এই সংগঠনটি।
কেবল রেডিও শোনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ সামাজিক ও পরিবেশগত উন্নয়নে নানা প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান, প্লাস্টিক বর্জন প্রচারণা, মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান কর্মসূচি এবং তরুণ সমাজকে মুঠোফোনের ক্ষতিকর আসক্তি, তামাক ও মাদকের আসক্তি এবং অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সুস্থ বিনোদনে উদ্বুদ্ধকরণ অন্যতম। এছাড়া বন্যা ও তীব্র শীতের মতো যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের পাশে ত্রাণ ও শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছে ক্লাবের স্বেচ্ছাসেবীরা।
এই মর্যাদাপূর্ণ মনোনয়ন প্রসঙ্গে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL) বলেন, “এই মনোনয়ন আমাদের দীর্ঘ ২৯ বছরের স্বেচ্ছাসেবী কাজের এক বড় স্বীকৃতি। বেতারের সুর তরঙ্গকে কাজে লাগিয়ে একটি প্রগতিশীল ও মানবিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। এই অর্জন ক্লাবের প্রতিটি সদস্য ও শ্রোতার নিষ্ঠার ফল।”
স্টার বাংলাদেশ মিডিয়া এবং আইবিসিএফ-এর পক্ষ থেকে আগামী ২৮ নভেম্বর ঢাকায় সেগুনবাগিচা কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে জুরি বোর্ডের চূড়ান্ত মূল্যায়নে বিজয়ীদের হাতে ‘স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেওয়া হবে। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর এই গৌরবময় মনোনয়ন দেশীয় বেতার ও শ্রোতা আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Posted ১২:৩৯ এএম | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


