



অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 16 বার পঠিত

আসছে ১লা অক্টোবর, বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘থিম লোগো’ উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকালে বাংলাদেশ বেতার-সিলেটের সভাকক্ষে এক অনুষ্ঠানে এই ‘থিম লোগো’ উন্মোচন করা হয়।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম (S21MIR), বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক (১) শাহজাহান জামান চৌধুরী এবং আঞ্চলিক পরিচালক (২) মো: মোমিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, সহকারী পরিচালক (অনুষ্ঠান) মো: ইকবাল হোসাইন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সহ-সভাপতি মো: আফজল চৌধুরী, যুগ্ম সম্পাদক মো: নোমান উদ্দিন রায়হান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট সিটি ইউনিটের সভাপতি এম এ ওয়াদুদ আল মামুন, বেসরকারী সংস্থা সুবাস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও অগ্রগতির পথচলা তুলে ধরা হয়। বিশেষ লোগোটিতে সংগঠনের আদর্শ, রেডিওর ঐতিহ্য এবং সম্প্রীতির এক চমৎকার মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়েছে।
লোগোর প্রধানত তিনটি উদ্দেশ্য- (০১) ঐতিহ্য ও দীর্ঘ পথচলা উদযাপন: ১৯৯৭ সালের ১লা অক্টোবর থেকে ২০২৬ সালের ১লা অক্টোবর পর্যন্ত দীর্ঘ ২৯ বছর ধরে অলাভজনক, স্বেচ্ছাসেবী, সামাজিক, বন্ধুত্ব, তথ্য ও যোগাযোগ ভিত্তিক শ্রোতা সংগঠন হিসেবে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর সফল যাত্রাকে স্মরণীয় করে রাখা।
(০২) বেতার সংস্কৃতির প্রচার ও আধুনিকায়ন: দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল যুগেও গণমাধ্যম ও তথ্য বিনিময়ের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে রেডিওর গুরুত্ব সাধারণ মানুষের কাছে বজায় রাখা।
(০৩) আঞ্চলিক ও সামাজিক মেলবন্ধন: দক্ষিণ এশীয় অঞ্চলের প্রেক্ষাপটে বেতার শ্রোতা, ক্লাব সদস্য এবং সাধারণ মানুষের মধ্যে যোগাযোগের একটি শক্তিশালী নেটওয়ার্ক ও সৌহার্দ্য তৈরি করা।
লোগোর নকশা দর্শনের গভীর ব্যাখ্যা: লোগোর নকশা বা ডিজাইনটি খুব নিখুঁতভাবে বেশ কিছু প্রতীকী উপাদানের সাহায্যে সাজানো হয়েছে, যা বার্তাটিকে সহজে মনে রাখার মতো করে তোলে।
১. মূল আকৃতি ও রঙের ব্যবহার> লাল ও সবুজ রঙ (জাতীয় চেতনার প্রতিফলন): বৃত্তাকার লাল অংশ এবং ভেতরে সংখ্যা প্রতীক ২ এবং ৯ এর যৌথ সমন্বয়ে অর্থাৎ ২৯ দিয়ে তৈরী বিশেষ সবুজ নকশাটি বাংলাদেশের জাতীয় পতাকার রঙের প্রতীক। এটি প্রকাশ করে যে, ক্লাবটি ২৯ বছর ধরে ইথার বা বেতার তরঙ্গের মাধ্যমে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগ রক্ষা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সংস্কৃতির আদান-প্রদান, বিভিন্ন দেশের মানুষের মধ্যে বন্ধুত্বের সেতু গড়ে তোলা, রেডিও এবং শ্রোতা ও শ্রোতা ক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা নিয়ে কাজ করলেও এর মূল চেতনা ও দেশপ্রেম বাংলাদেশে প্রোথিত। সাদা রঙের বৃত্ত: লোগোর ভেতরের সাদা অংশটি শান্তি, পরিচ্ছন্নতা এবং নিরপেক্ষতার প্রতীক হিসেবে কাজ করছে।
২. কেন্দ্রীয় প্রতীকসমূহ> হ্যান্ডশেক বা করমর্দন: লোগোর ঠিক মাঝখানে/ কেন্দ্রে থাকা (২৯ এর মাঝে) দুটি হাত মেলানোর দৃশ্যটি বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক ঐক্যের প্রতীক। এটি সংগঠনের সদস্যদের মধ্যে, শ্রোতাদের সাথে, দেশ-বিদেশ এবং বেতারের সাথে সুদৃঢ় বন্ধন নিখুঁতভাবে প্রকাশ করে। রেডিও ও মাইক্রোফোন/ তরঙ্গ ও প্রযুক্তির মেলবন্ধন (সার্ক লোগো): করমর্দনের ঠিক ওপরে একটি ছোট লাল বৃত্তের ভেতর সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের মূল লোগো যুক্ত করা হয়েছে। যেখানে- রেডিও তরঙ্গের সংকেত, টাওয়ার এবং একটি মাইক্রোফোন দেখা যাচ্ছে। এটি মূলত সংগঠনের মূল ভিত্তি অর্থাৎ ‘রেডিও’ এবং এর সম্প্রচার কার্যক্রমের প্রতিনিধিত্ব করে, যা আধুনিক যুগের প্রযুক্তিগত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার আকাঙ্ক্ষা প্রকাশ করে। পাশে ‘SARC’ লেখাটি সংগঠনের সংক্ষিপ্ত নামকে নির্দেশ করে।
৩. প্রতিপাদ্য/ থিম-এর মূল বার্তা: লোগোর লাল বৃত্তের ওপরের অংশে বাংলা ও ইংরেজিতে সংগঠনের এবারের মূল প্রতিপাদ্য “POSITIVE PARTNERSHIP বা ইতিবাচক অংশীদারিত্ব” লেখা রয়েছে। এটি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে। এর মূল উদ্দেশ্য হলো—কোনো একক প্রচেষ্টা নয়, বরং সবাই মিলে অংশীদারিত্বের ভিত্তিতে বেতার সংস্কৃতি ও সমাজকল্যাণে ভূমিকা রাখা। সংগঠনের নাম: নিচের অংশে বড় অক্ষরে “SOUTH ASIA RADIO CLUB (SARC) BANGLADESH” লেখা রয়েছে, যা সংগঠনের পূর্ণ নামকে স্পষ্টভাবে তুলে ধরে।
৪. গুরুত্বপূর্ণ সময়কাল: লোগোর সাদা অংশে সংগঠনের যাত্রার শুরুর তারিখ (১লা অক্টোবর ১৯৯৭) এবং ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর তারিখ (১লা অক্টোবর ২০২৬) উল্লেখ করা হয়েছে। এটি দেশি এবং বিদেশী বেতার ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সংগঠনের দীর্ঘ ২৯ বছরের সফল পথচলা এবং ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়।
৫. সহজপাঠ্যতা ও বৃত্তাকার ভারসাম্য: লোগোটিকে একটি নিখুঁত বৃত্তের ফ্রেমে আবদ্ধ করা হয়েছে। বৃত্তাকার নকশা চিরন্তনতা ও অবিচ্ছিন্নতার প্রতীক। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় স্পষ্ট ফন্ট ব্যবহারের উদ্দেশ্য হলো যাতে দেশীয় ও আন্তর্জাতিক—উভয় স্তরের বেতার কর্তৃপক্ষ, অন্যান্য গণমাধ্যম, শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীরা এর উদ্দেশ্য সহজে বুঝতে পারেন।
এই বিশেষ লোগোটি “সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ”-এর শুধুমাত্র একটি জন্মদিনের স্মারক নয়, বরং এটি আগামী দিনগুলোতে পারস্পরিক সহযোগিতা বা অংশীদারিত্বের মাধ্যমে বেতারের সোনালী দিনগুলোকে টিকিয়ে রাখার এবং ক্লাবের সমাজসেবামূলক লক্ষ্যকে এগিয়ে নেওয়ার একটি দৃশ্যমান অঙ্গীকার।

Posted ৭:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


