



অনলাইন ডেস্ক | বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত

আরও একটি গৌরবময় অর্জন যুক্ত হয়েছে রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)-এর নামের পাশে। ‘খ্যাতিমান রেডিও ডিএক্সার (DXer) ও মানবাধিকার কর্মী’ ক্যাটাগরিতে এবার তিনি অর্জন করেছেন “স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-২)”।
গত শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাজধানী সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পদক তুলে দেওয়া হয়। দিদারুল ইকবাল (S21DAL) অনুষ্ঠানে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড গ্রহণের কথা থাকলেও তিনি অনুষ্ঠানের আগের দিন শুক্রবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে চিকিৎসাধীন থাকায় তিনি ঢাকায় উপস্থিত থাকতে পারেননি। ফলে আয়োজক কর্তৃপক্ষ দিদারুল ইকবাল (S21DAL)-এর পদকটি সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর মহাসচিব নুর মোহাম্মদ এর হাতে তুলে দেন।
দিদারুল ইকবাল (যিনি মোহাম্মদ দিদারুল আলম নামেও পরিচিত, তার কলসাইন: S21DAL- সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা) একজন বাংলাদেশি সক্রিয় রেডিও ডিএক্সার ও অ্যাক্টিভিস্ট, তরুণ সমাজকর্মী এবং মানবাধিকারকর্মী। তিনি বাংলাদেশের রেডিও শ্রোতা কমিউনিটি ও অ্যাক্টিভিজম ক্ষেত্রে একটি অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী নাম এবং ডিএক্সিং বিশ্বের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। বহু দশক ধরে তিনি বাংলাদেশ ও বহির্বিশ্বের বেতারের সাথে যুক্ত এবং রেডিও ডিএক্সিংয়ের মাধ্যমে বিশ্বজুড়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।
নতুন প্রজন্মের রেডিও শ্রোতাদের উৎসাহিত করতে রেডিওর মাধ্যমে তথ্য আদান-প্রদানের কৌশল, বিশ্বসংযোগ স্থাপন, প্রযুক্তিকে ব্যবহার করে সামাজিক সমস্যার সমাধানে দিকনির্দেশনা প্রদান, মানবিক মূল্যবোধের প্রচার, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং রেডিওর মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির কাজে দিদারুল ইকবাল (S21DAL) অগ্রণী ভূমিকা পালন করছেন। সৃজনশীল নেতৃত্বের মাধ্যমে তিনি তরুণদেরকে সচেতন ও দক্ষ হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন। তাকে কেবল একজন রেডিও ডিএক্সার বা মিডিয়াকর্মী, সমাজকর্মী কিংবা মানবাধিকারকর্মী হিসেবে সীমাবদ্ধ করা কঠিন, কারণ তিনি একজন বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্ব। গত কয়েক দশক ধরে দিদারুল ইকবাল (S21DAL) বেতারের প্রচার ও প্রসারে এবং প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, মানবাধিকার ও সমাজকল্যাণে যে নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন, তা অনেককেই অনুপ্রাণিত করেছে।
স্যাটেলাইট টেলিভিশন এবং ইন্টারনেটের যুগে যখন বেতার তার গুরুত্ব হারাচ্ছিল, তখন দিদারুল ইকবাল (S21DAL) ডিএক্সিং (দূরপাল্লার রেডিও শোনা) এবং বিভিন্ন বেতার শ্রোতা ক্লাবের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে এই মাধ্যমটিকে জনপ্রিয় করতে কাজ করে যাচ্ছেন। দেশি-বিদেশি বেতার কেন্দ্রগুলোর সাথে শ্রোতাদের সেতুবন্ধন তৈরিতে তার ভূমিকা তাকে এই অঙ্গনে এক কিংবদন্তী পর্যায়ে নিয়ে গেছে। তিনি বেতারে শুধু খবর শোনেন না কিংবা বেতারকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার নয়, বরং বেতারের কারিগরি এবং এর সামাজিক প্রভাব নিয়ে গবেষণা ও লেখালেখিও করেন। সমাজসেবা এবং মানবাধিকার বিষয়ে তার কর্মদক্ষতা এবং বেতারের মাধ্যমে পাওয়া তথ্য বা শিক্ষাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার ইতিবাচক চিন্তা দিদারুল ইকবাল (S21DAL)-কে নতুন প্রজন্মের কাছে একজন আদর্শ, দূরদর্শী পথপ্রদর্শক বা মেন্টর হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
একজন প্রতিভাবান ব্যক্তিত্ব হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক পুরস্কার অর্জন করে দিদারুল ইকবাল (S21DAL) সন্দ্বীপ তথা বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন। রেডিও ডিএক্সিং (Radio DXing) এবং মানবাধিকার সুরক্ষায় তাঁর এবারের এই পুরস্কার লাভ নিঃসন্দেহে প্রশংসনীয়।
“স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-২)” প্রাপ্তির অনুভূতি প্রকাশে দিদারুল ইকবাল (S21DAL) বলেন, “এই পদক প্রাপ্তি স্রেফ একটি ধাতব স্মারক নয়; বরং, এর প্রতিটি পরতে মিশে আছে ডিএক্সিংয়ের প্রতি আমার গভীর ভালোবাসা এবং মানবকল্যাণে ব্যয় করা আমার দীর্ঘ পথচলার অজস্র নির্ঘুম রাত, নিরলস পরিশ্রম, নিষ্ঠা আর অগণিত ত্যাগের এক জীবন্ত প্রতিফলন। যা আমাকে আগামীর পথে আরও সৃজনশীল হতে প্রেরণা যোগাবে। ডিএক্সিং আমার কাছে কেবল একটি শখ নয়; এটি বিশ্বকে জানার, শোনার এবং দূর প্রান্তের মানুষের সাথে হৃদয়ের বন্ধন তৈরির এক সৃজনশীল মাধ্যম। সেই সাথে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করার যে তাগিদ আমি অনুভব করেছি, এই পুরস্কারটি সেই দীর্ঘ যাত্রার প্রতিটি নির্ঘুম রাত এবং প্রতিটি ছোট-বড় সংগ্রামের সার্থক রূপ। আমি বিশ্বাস করি, যেকোনো অর্জনই একা সম্ভব নয়। তাই এই স্বীকৃতি আমি উৎসর্গ করছি সেই সকল মানুষকে, যারা পর্দার আড়াল থেকে আমাকে নিরন্তর উৎসাহ দিয়ে গেছেন এবং যাদের অনুপ্রেরণায় আমি সৃজনশীলতার নতুন নতুন দিগন্ত উন্মোচন করতে পেরেছি। এই সম্মাননা আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিল। আগামী দিনগুলোতেও যেন ডিএক্সিং এবং মানবসেবার এই ধারাকে আরও বেগবান করতে পারি-এই প্রার্থনা করি।”
স্টার বাংলাদেশ মিডিয়ার প্রথম এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যৌথ ভাবে আয়োজিত “স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-২) প্রদান ও ফ্যাশন শো সহ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মার্শাল আর্ট জগতের জীবন্ত কিংবদন্তি, চলচ্চিত্রে মার্শাল আর্টের জনক, জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক ওস্তাদ জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা জ্যাম্বস কাজল, সংগীতশিল্পী সোহেলী সুলতানা, চিত্রনায়ক শিপন মিত্রসহ শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক, বিনোদন, ব্যবসা ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং স্টার বাংলাদেশ মিডিয়ার সিইও খন্দকার আছিফুর রহমান তোতা।

Posted ৮:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


