



অনলাইন ডেস্ক | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 79 বার পঠিত

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ভোটের মাধ্যমে ম্যান্ডেট দেয় এবং সরকার গঠনের সুযোগ দেয়, তবে রাজধানীর সঙ্গে সিলেটের সব ধরনের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও উন্নয়ন করা হবে।”
তিনি বলেন, “বিএনপি সরকারের রেখে যাওয়া উন্নয়ন ধারাবাহিকতা বন্ধ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সিলেটের যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করেছে। ঢাকা-সিলেট মহাসড়ক ও সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক উভয় পথেই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।”
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত গণসংযোগ কার্যক্রমে তিনি এসব কথা বলেন।
স্থানীয় শ্রমজীবী মানুষ সড়ক ও রেলপথের বেহাল দশা তুলে ধরলে কাইয়ুম চৌধুরী আশ্বাস দেন, বিএনপি সরকার গঠনের পর সিলেটের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে।
তিনি আরও বলেন, “ঢাকা-সিলেট ও আঞ্চলিক সড়কপথগুলো এখন মারাত্মকভাবে দুর্ঘটনাপ্রবণ। বিশেষ করে মোগলাবাজার থেকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত মহাসড়কে গর্ত, দিকনির্দেশনার অভাব ও স্পিডব্রেকার না থাকায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এ পথে বহু শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীরাও ঝুঁকিতে রয়েছে।”
তিনি সংশ্লিষ্ট সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “জনজীবনের নিরাপত্তা ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমান প্রণীত এ কর্মসূচি মৌলিক অধিকার, ব্যক্তিস্বাধীনতা, আইনের শাসন ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত।”
গণসংযোগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ডা. এনামুল হক, আবুল হাসনাত, মাহবুব আলম, শাহীন আলম জয় ও নুরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Posted ৮:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


