



অনলাইন ডেস্ক | বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর, সিলেটের উদ্যোগে শাহপরানে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সিলেট শাহপরান দ্য লুমিনাস স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জুলাই জ্ঞান যাচাই প্রতিযোগিতার আয়োজন করে অংকুর, সিলেট।
অংকুর, সিলেটের পরিচালক খসরুল আলমের সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থান জ্ঞান যাচাই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট গোলাপগঞ্জ, বরায়া হাজিপুর আইডিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), সিলেট শাহপরান দ্য লুমিনাস স্কুলের সিনিয়র সহকারি শিক্ষক মো: জহিরুল ইসলাম এবং সিলেট গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক জুনেদ খাঁন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, মো. খালেদুজ্জামান খালেদ। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন, অংকুর সিলেট কলেজ বিভাগের সেক্রেটারি খাইরুল আবেদীন আব্দুল্লাহ, স্কুল বিভাগের সভাপতি সাদিকুর রহমান, শাহপরান জোনের পরিচালক আছরারুল হক সাফওয়ান এবং সহকারি পরিচালক জুবেদ খান।
এসময় দ্য লুমিনাস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, স্কুলের অন্যান্য শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থান দমনে পতিত ফ্যাসিবাদী সরকার কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ড এবং ছাত্র-জনতার ওপর নিপীড়নের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত দেশপ্রেমিক সকল নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া ছাত্র-জনতা আন্দোলনে নিহত সকল বীর জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। পাশাপাশি আহত হয়ে এখনো যারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তাদের সুস্থতা কামনা সহ সকল জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায়। ছাত্র-জনতার অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জুলাইয়ের বিজয় ও এর চেতনাকে সমুন্নত রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বীরত্বগাথা আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যেবোধে উদ্বুদ্ধ করবে। মহান স্বাধীনতা যুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্বপ্নের বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জুলাই জ্ঞান যাচাই প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিজয়ীরা হলেন, প্রথম স্থান- হাবিবা জান্নাত অনহা (৮ম শ্রেণি), দ্বিতীয় স্থান- সৈয়দা নাফিসা আনজুম (৫ম শ্রেণি), তৃতীয় স্থান- পূজা সরকার কেয়া (১০ শ্রেণি), চতুর্থ- আনিকা বেগম (৭ম শ্রেণি), পঞ্চম- আদিব আহনাফ রাহাত (৭ম শ্রেণি), ৬ষ্ঠ- রাফিয়া শারমিন লিলি (৭ম শ্রেণি), ৭ম- ফাতেহা তামান্না সাকিবা (৭ম শ্রেণি), ৮ম- রুহুল আমিন (৭ম শ্রেণি), ৯ম- মারুফা আক্তার মনি (৮ম শ্রেণি) এবং ১০ম স্থান- জান্নাতুল ফেরদৌস জয়া (৫ম শ্রেণি)।
উল্লেখ্য, ২০২৫ সালের ৫ আগস্ট থেকে বাংলাদেশে পালিত হচ্ছে “জুলাই গণঅভ্যুত্থান দিবস”। ২০২৪ সালের এই দিনে দেশের রাজনীতিতে ঘটে যায় এক যুগান্তকারী পরিবর্তন। ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে এবং একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক ৫ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবছর “জুলাই গণঅভ্যুত্থান দিবস” (ক শ্রেণিভুক্ত জাতীয় দিবস ও সরকারি ছুটি) হিসেবে পালনের ঘোষণা দেয়। তাই ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” এখন আর শুধু একটি তারিখ নয়, এটি বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক দিক পরিবর্তনের প্রতীক।

Posted ৬:২১ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


