মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আগরতলা দূতাবাসে ভাঙচুরের ঘটনায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   139 বার পঠিত

আগরতলা দূতাবাসে ভাঙচুরের ঘটনায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ফাইল ছবি

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা এবং আগুন দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ।

এতে আরো বলা হয়, প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে প্রমাণ করে বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। দুঃখের বিষয়, হাইকমিশন প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি। সহকারী হাইকমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এতে আরও বলা হয়, বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের ওপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান একটি প্যাটার্নে এসেছে, গত ২৮ নভেম্বর কলকাতায় একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল। আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এমন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন, ১৯৬১ লঙ্ঘন হয়েছে।

এতে বলা হয়, যেহেতু কূটনৈতিক মিশনগুলোতে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা সেই দেশের সরকারের দায়িত্ব, তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য আহ্বান জানায়।

ভারতে বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা ও অকূটনীতিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং কূটনৈতিক মিশনে যে কোনো সহিংসতা প্রতিরোধ করতে আহ্বান জানায়।

এর আগে সোমবার দুপুরে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার কেন্দ্র করে হিন্দু সংঘর্ষ সমিতির একটি সভা আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে অনুষ্ঠিত হয়। সভা শেষে ছয়জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে হাইকমিশন কার্যালয়ে প্রবেশ করে। এরই মধ্যে বাইরে কিছু যুবক হঠাৎ করেই হাইকমিশন অফিসের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং কিছু সাইনবোর্ড ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

Facebook Comments Box

Posted ১০:১৫ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com