



অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 22 বার পঠিত

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীই একেকজন দায়িত্বশীল। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। কিয়ামতের দিন প্রত্যেককে তার ওপর অর্পিত দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। তাই জামায়াতের দায়িত্বশীলদের সর্বাবস্থায় আমানতদারি, নিষ্ঠা ও জবাবদিহিতার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে নিজেদের নিয়োজিত আত্মনিয়োগ করতে হবে।
তিনি বলেন, দায়িত্বশীলদের দ্বীনি দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং আর্তমানবতার কল্যাণে কাজ করতে হবে। মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে দাওয়াতি কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে। রাষ্ট্র ও সরকারের প্রতিটি স্তরে আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠায় জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে।
তিনি সোমবার (২৩ নভেম্বর) রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবনির্বাচিত থানা আমীর মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সেক্রেটারি পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মুকিত।
সমাবেশে কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের ২০২৭-২৮ সেশনের জন্য ওয়ার্ড দায়িত্বশীল মনোনীত করা হয়। এসময় থানা শাখার পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি আওতাধীন ৮টি ওয়ার্ড ও চারটি বিভাগের নতুন দায়িত্বশীল নির্বাচন করা হয়।
প্রধান অতিথি দায়িত্বশীলদের উদ্দেশে আরও বলেন, দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কারও কাজ শেষ হয়ে যায় না; বরং দায়িত্ব পালনের মধ্য দিয়েই একজন দায়িত্বশীলের যোগ্যতা ও আন্তরিকতার প্রকাশ ঘটে। নিজেদের আমল-আখলাক, জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধিতে নিয়মিত প্রচেষ্টা চালাতে হবে। দায়িত্ব পালনে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা, পারস্পরিক পরামর্শ ও ঐক্য বজায় রাখতে হবে। নিজেদের সংশোধন ও মানোন্নয়নের মাধ্যমে এমন যোগ্যতা অর্জন করতে হবে, যাতে মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটে প্রতিটি কর্মকাণ্ডে।
সমাবেশে বক্তব্য দেন থানার নবনির্বাচিত নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি আবু রাফিদ ও আব্দুল হাকিম। এ সময় থানা শাখার দায়িত্বশীলদের পাশাপাশি আওতাধীন আটটি ওয়ার্ড ও চারটি বিভাগের নবনির্বাচিত দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

Posted ৮:৫৯ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


