শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে পোশাক শ্রমিকদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, নিষিদ্ধ সংগঠনের ২০ জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   23 বার পঠিত

গাজীপুরে পোশাক শ্রমিকদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, নিষিদ্ধ সংগঠনের ২০ জন গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার মৌচাক ও চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সীমাহীন দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। নাশকতা ও ভাঙচুরের অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ২০ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ রেখে রাস্তায় চলে আসেন। একদিকে মৌচাক এলাকা অন্যদিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় জড়ো হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

অবরোধের ফলে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী শত শত যানবাহন আটকা পড়ে। কর্মজীবী মানুষ, রোগী ও দূরপাল্লার যাত্রীরা দীর্ঘ সময় সড়কে আটকে থেকে ব্যাপক ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারীদের মধ্য থেকে একদল উচ্ছৃঙ্খল যুবক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং সড়কে থাকা একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও বিজিবি সদস্যরা পাল্টা অ্যাকশনে যান। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং পুরো পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। আতঙ্কে আশপাশের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

শ্রমিক আন্দোলনে অনেক কারখানা পূর্বে থেকে বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ শনিবার প্রায় ৩০ টি কারখানা ছুটি ঘোষণা করেছে। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। দুপুর ১২ টার পর মহাসড়কে যানবাহন চলাচলে স্বাভাবিক হয়। পুনরায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা হঠাৎ করে মহাসড়ক অবরোধ করলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। আমরা প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করি। কিন্তু তারা পুলিশের ওপর চড়াও হলে জনগণের জানমাল ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ভাঙচুর ও নাশকতার অভিযোগ নিষিদ্ধ সংগঠনের ২০ জন কর্মীকে গ্রেফতার করা হয়।

Posted ৬:৪০ পিএম | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com