



অনলাইন ডেস্ক | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 79 বার পঠিত

ফাইল ছবি
সিলেট জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন খান হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
প্রবাসের আরামদায়ক জীবন ছেড়ে তিনি দেশে ফিরে সক্রিয়ভাবে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হন। ২০২৪ সালের ৫ জানুয়ারি সিলেটের আম্বরখানায় জেলা ও মহানগর বিএনপির কর্মসূচিতে লিফলেট বিতরণ ও মিছিলে অংশ নেয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হওয়া চার নেতাকর্মীর একজন ছিলেন তিনি। ওই বছরের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের দুই দিন আগে এ গ্রেফতার করা হয়।
তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোকপ্রকাশ করে বলেছেন, মরহুম জালাল উদ্দিন খান সিলেট জেলা বিএনপি ও ফ্রান্স বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীও পৃথক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।
তার জানাজার নামাজ আগামীকাল সোমবার বাদ জোহর মেজরটিলা সৈয়দপুর জামে মসজিদে এবং বাদ আসর নিজ গ্রামের বাড়ি কানাইঘাট (ফাগু) ইসলামপুরে অনুষ্ঠিত হবে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন- এই প্রার্থনা করেছেন দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনরা।

Posted ১০:৪৮ অপরাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


