গাজীপুরের কালিয়াকৈরে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর রং দিয়ে অবাধে চলছে চানাচুর কারখানা। সংশ্লিষ্ট কাগজপত্র ও অনুমোদন ছাড়াই দীর্ঘ দিন ধরেই এই কারখানা চালানোর অভিযোগ রয়েছে ।
সরেজমিনে দেখা যায়, নাজমুল হোসেন নামে এক ব্যক্তি পৌরসভার ১নং ওয়ার্ডের টান কালিয়াকৈর এলাকার কদমতলি মোড়ে হাসেম আলমের টিনশেড কলোনি ভাড়া নিয়ে এই অবৈধ চানাচুর কারখানা তৈরি করেছেন। পোড়া তেল, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর ভাজা হচ্ছে। নোংরা হাতে ও শরীরের ঘামগুলো চানাচুরের উপর পড়তে দেখা গেছে। সুস্বাদু জাতীয় কেমিক্যাল মিশ্রিত চানাচুর স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এগুলো বিএসটিআই এর অনুমোদন ছাড়াই করা হচ্ছে প্যাকেটজাত। তার পর বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি হচ্ছে।
এব্যাপারে কথা বলার জন্য মালিক নাজমুল হোসেনকে কারখানায় সরেজমিনে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সরাসরি সাক্ষাৎকার না দিয়ে বলেন, আমার কাছে কোন লাইসেন্স নাই, আপনি নিউজ করে যা করতে পারেন করেন।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন বলেন, অনুমোদন বিহীন কোন প্রতিষ্ঠান চালানো যাবে না। বিষয়টি ভোক্তা অধিকার কর্মকর্তাকে জানানো হয়েছে। আমরা প্রশাসনিকভাবে অভিযান পরিচালনা করবো । পরিদর্শনে যদি প্রমাণিত হয় তাহলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।