



গাজীপুর প্রতিনিধি | সোমবার, ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রায় অবস্থিত কালিয়াকৈর সরকারি কলেজের লেকে দীর্ঘদিন ধরে বাজারের বর্জ্য ও আবর্জনা ফেলার কারণে পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। লেকজুড়ে জমে থাকা কচুরিপানা, প্লাস্টিক ও পচনশীল বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশার ভয়াবহ উপদ্রব দেখা দিয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই চরম দুর্ভোগে পড়েছেন। চলমান এইচএসসি পরীক্ষার সময় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। পরীক্ষার্থীরা জানান, মশার কামড় ও দুর্গন্ধের কারণে পরীক্ষার হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। অনেক সময় মশা তাড়াতে কয়েল ব্যবহার করতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, কলেজের একাডেমিক, প্রশাসনিক ও অনার্স ভবনের পাশের লেকের বড় অংশজুড়ে কচুরিপানা ও বিভিন্ন ধরনের বর্জ্য জমে রয়েছে। এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে।
এইচএসসি পরীক্ষার্থীরা বলেন, পরীক্ষার হলে বসেও মশার কামড় সহ্য করতে হচ্ছে। দুর্গন্ধের কারণে অনেক সময় স্বাভাবিকভাবে বসে থাকাও কঠিন হয়ে যায়। শিক্ষক পরিষদের সম্পাদক সেলিম হোসেন বলেন, এটি শুধু পরিবেশগত সমস্যা নয়, জনস্বাস্থ্যের জন্যও হুমকি। লেকটি পরিষ্কার করে বর্জ্যমুক্ত করা হলে মশার উপদ্রব কমবে, পরিবেশের উন্নতি হবে এবং মাছ চাষেরও সুযোগ সৃষ্টি হবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে শিক্ষার অনুকূল পরিবেশ ফিরে আসবে।
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত বর্জ্য অপসারণ, লেক সংস্কার এবং বাজারের ময়লা ফেলা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ পুনরুদ্ধার হবে।

Posted ৭:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


