



গোয়াইনঘাট প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 152 বার পঠিত

সিলেটের গোয়াইনঘাটে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল – পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত দুই কলেজ শিক্ষার্থী রিফাত আহমদ কিবরিয়া ও আবু সুফিয়ানের মরদেহ জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়।
তাদের ওই জানাজাতেই নিহতের আত্মীয় – স্বজন প্রতিবেশী, বন্ধু – বান্ধব, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান ও কলেজের শিক্ষকবৃন্দ সহ অসংখ্য গুনগ্রাহী অংশ নেন।

নিহতরা হলেন,উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভীতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে রিফাত আহমেদ কিবরিয়া ও একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান। দুজনেই গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এদিকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল পিকআপ অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।এমন দুর্ঘটনা মেনে নিতে পারছেন না কেউ। অপর দিকে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে ময়নাতদন্ত ছাড়াই দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
গতকাল বুধবার বেলা ১ টার দিকে রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে লেঙ্গুরা ইউনিয়নের সতি এলাকায় সড়কে পৌছালে মোটরসাইকেল – পিকআপ ও অটোরিকশায় ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত কে মৃত ঘোষণা করেন।পরে গুরুতর আহত আবু সুফিয়ান কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।
এ ব্যপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, গতকাল বুধবার মোটরসাইকেল – পিকআপ অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে রিফাত ও সুফিয়ান নামে কলেজ পড়ুয়া দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।আজকে সকাল সাড়ে ১১ টার দিকে জানাজা শেষে তাদের মরদেহ দাফন সম্পন্ন করা হয়।

Posted ১১:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


