বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
‘এটি শুধু শিক্ষার্থীদের নয়, পুরো সুনামগঞ্জবাসীর দাবি’-মানববন্ধনে বক্তারা

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সচেতন নাগরিক পরিষদের একাত্মতা

সুনামগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সচেতন নাগরিক পরিষদের একাত্মতা

দীর্ঘ ১১ দিন ধরে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু, প্রয়োজনীয় শিক্ষক ও জনবল নিয়োগসহ বিভিন্ন দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের এ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবার মাঠে নেমেছে সামাজিক ও সেবামূলক সংগঠন সচেতন নাগরিক পরিষদ। সংগঠনটির নেতৃবৃন্দ বলেছেন, মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি শুধু শিক্ষার্থীদের নয়, এটি সমগ্র সুনামগঞ্জবাসীর ন্যায্য দাবি।

বৃহস্পতিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেডিকেল কলেজসংলগ্ন মদনপুর পয়েন্টে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করে সচেতন নাগরিক পরিষদ। ইংল্যান্ডপ্রবাসী রেজাউল কবির জায়গীরদার রাজার দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন।

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা মানববন্ধন, স্মারকলিপি প্রদান, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। আন্দোলনের মুখে আগামী ছয় সপ্তাহের মধ্যে সীমিত পরিসরে হাসপাতাল চালুর আশ্বাস দেওয়া হলেও লিখিত কোনো সিদ্ধান্ত না পাওয়ায় সেই ঘোষণা প্রত্যাখ্যান করে তারা পুনরায় আন্দোলনে নামেন। বৃহস্পতিবারও তারা মানববন্ধনের মাধ্যমে তাদের দাবি পুনর্ব্যক্ত করেন।

সচেতন নাগরিক পরিষদের সহ-সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ জায়গীরদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পরিষদের প্রধান উপদেষ্টা ফরিদুর রহমান ফরিদ, উপদেষ্টা রাজা মিয়া, সভাপতি মঞ্জুর আহমদ, সিনিয়র সহ-সভাপতি ফারুক মিয়া, সহ-সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, কোষাধ্যক্ষ আবদুল ওয়াদুদ, দপ্তর সম্পাদক তাজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা আমিনা বেগম এবং মেডিকেল শিক্ষার্থী ফারহান আহমদ, সাব্বির হোসাইন ও তানভীর আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা সেলিম মিয়া, আবদুল কাদির, প্রবীণ সমাজসেবক মনসুর আলী, সহ-দপ্তর সম্পাদক মহেন্দ্র দাস, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সমর উদ্দিন, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা জোছনা বেগম, খাইরুন বেগম, সদস্য হোসাইন আহমদ, মালেক নূর, আল আমীনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা সময়ের দাবি। এটি শুধু মেডিকেল শিক্ষার্থীদের স্বার্থের বিষয় নয়, বরং জেলার লাখো মানুষের চিকিৎসাসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই হাসপাতাল চালুর বিষয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা জেলার সর্বস্তরের মানুষকে এ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে আন্দোলনরত শিক্ষার্থীরা সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা, সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ সংগঠনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আমরা একসময় এখান থেকে চলে যাব, কিন্তু এই হাসপাতালের প্রকৃত উপকারভোগী সুনামগঞ্জের মানুষ। তাই এই আন্দোলনকে সফল করতে জেলার প্রতিটি সচেতন নাগরিকের এগিয়ে আসা প্রয়োজন।

আগামী শনিবার আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, শনিবার সুনামগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে আমরা আরও বড় ও কঠোর কর্মসূচি ঘোষণা করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Facebook Comments Box

Posted ৮:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com