



অনলাইন ডেস্ক | বুধবার, ০১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 121 বার পঠিত

সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা। বুধবার (১ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার কয়েকটি পূজামণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এসময় তিনি বলেন, “বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। এখানে প্রত্যেকেই সমান অধিকার নিয়ে বসবাস করে। আমাদের ধর্মীয় উৎসবগুলো কেবল এক ধর্মের নয়, বরং সবার জন্য আনন্দ ও সহমর্মিতা ছড়িয়ে দেয়। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “বিএনপি সব সময় ধর্মীয় সম্প্রীতি ও সহমর্মিতায় বিশ্বাস করে। জাতির জনজীবনে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় সকল ধর্মের মানুষকে সমানভাবে মূল্যায়ন করে আসছে বিএনপি। দেশ আজ সংকটাপন্ন সময়ে রয়েছে। এ সময় আমাদের পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করতে হবে।”
তাহসিনা রুশদী লুনা উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধর্মের নামে বিভাজন নয়, বরং ধর্মীয় সহাবস্থানই আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। দেশকে সত্যিকারের শান্তি ও গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে সব ধর্মের মানুষকেই একসাথে কাজ করতে হবে।”
বুধবার শুরুতেই লামাকাজি ইউনিয়নের দীঘলি, পর্যায়ক্রমে দেওকলস ইউনিয়নের কালীগঞ্জ, বাগিছা বাজারে, দশঘর ইউনিয়নে, এরপর পৌরসভার জানাইয়া ও বিশ্বনাথ বাজারে হিন্দুপাড়া
পুজামণ্ডপগুলোতে গিয়ে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

Posted ১১:২৪ অপরাহ্ণ | বুধবার, ০১ অক্টোবর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


