



গাজীপুর প্রতিনিধি | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 23 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
পুলিশ ও শ্রমিকরা জানান, শনিবার দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইন্টারস্টপ পোশাক কারখানার শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেয়। মুহূর্তেই আশপাশের আরও ১৫ টি কারখানার শ্রমিকরা তাদের সাথে যোগ দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
বিক্ষুব্ধ শ্রমিক জাহাঙ্গীর আলম ও হোসনে আরা বলেন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বর্তমান বেতনে সংসার চালানো অসম্ভব। আমরা ৩০ হাজার টাকা বেতনের দাবি জানাচ্ছি। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) হাজার হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। মহাসড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে শত শত যানবাহন আটকা পড়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, “পোশাক শ্রমিকদের অবরোধের কারণে দীর্ঘ সময় ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকদের শান্তভাবে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

Posted ৭:২১ পিএম | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


