শিরোনাম >>
শিরোনাম >>
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বসেরা শ্রোতা ক্লাবের স্বীকৃতি নিয়ে ২৯ বছরে ‘সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)’, শাহপরান ইউনিটের জাঁকজমকপূর্ণ উৎসব

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   32 বার পঠিত

বিশ্বসেরা শ্রোতা ক্লাবের স্বীকৃতি নিয়ে ২৯ বছরে ‘সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)’, শাহপরান ইউনিটের জাঁকজমকপূর্ণ উৎসব

দেশের অন্যতম শীর্ষ এবং আন্তর্জাতিক একাধিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন ‘সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর ২০২৬) নগরীর শাহপরানের বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকায় কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এ সময় শুভেচ্ছা বিনিময় এবং দেশী-বিদেশী বেতার ও শ্রোতাদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিটের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম (S21MIR); সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এবং দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আছলাম হোসেন।

অনুষ্ঠানে ড. মির শাহ আলম বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেভাবে এ দেশের মানুষকে উজ্জীবিত করেছিল, সেই ধারাবাহিকতায় তরঙ্গের জাদু আজও আমাদের ধরে রেখেছে। ১৯৯৭ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠার পর থেকে সাউথ এশিয়া রেডিও ক্লাব বেতার সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এবং দেশ-বিদেশের বেতারের সাথে শ্রোতাদের গভীর সেতুবন্ধন তৈরি করতে দীর্ঘ ২৯ বছর ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।”

ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL) তাঁর বক্তব্যে বলেন, “১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের সময় বেতারের যে মানবিক ও তথ্যগত গুরুত্ব আমরা দেখেছি, তা থেকেই মূলত এই সংগঠনের অনুপ্রেরণা। তথ্যপ্রযুক্তির এই যুগেও রেডিওর আবেদন ধরে রাখতে এবং তৃণমূল পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাউথ এশিয়া রেডিও ক্লাব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।” ক্লাবের আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে তিনি আরো বলেন, “সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) কেবল দেশীয় বেতার নয়, বরং আন্তর্জাতিক বেতার অঙ্গনেও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হাজারো ক্লাবের মধ্যে প্রতিযোগিতা করে আমাদের এই সংগঠন চীন সরকারের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘চায়না রেডিও ইন্টারন্যাশনাল (CRI)’ কর্তৃক বিশ্বসেরা শ্রোতা ক্লাবের (CRI’s Excellent Audiences’ Club Award) মর্যাদা পেয়েছে। এ ছাড়া ফিলিপাইনের আন্তর্জাতিক বেতার ‘রেডিও ভেরিতাস এশিয়া (RVA)’ থেকেও আমরা সেরা সক্রিয় ক্লাবের (Best Active Club Recognition) আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছি। আন্তর্জাতিক বেতারের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে এবং বিভিন্ন দেশের সাথে মৈত্রী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সার্কের কার্যক্রম তরুণ সমাজকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করছে।”

অনুষ্ঠানে ক্লাবের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল বলেন, “বর্তমান ডিজিটাল যুগেও রেডিওর মাধ্যমে শিক্ষণীয় এবং তথ্যবহুল অনুষ্ঠান শোনার চমৎকার সুযোগ রয়েছে। শিশুদের মানসিক বিকাশ, সঠিক উচ্চারণ ও জ্ঞান অর্জনে বেতারের ভূমিকা অনেক। আমরা ক্লাবের পক্ষ থেকে শিশুদের মাঝে বেতার শোনার এই চমৎকার অভ্যাসটি ছড়িয়ে দিতে এবং তাদের আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে বেতারের গল্পকে আরও জনপ্রিয় করতে কাজ করে যাচ্ছি।”

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিটের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট (সিলেট সদর)-এর সভাপতি বিক্রম রায় ও সাধারণ সম্পাদক সমিত গঞ্জু।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করায় ক্লাবের সকল সদস্য ও শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সভাপতি মো. ময়নুল হক।

এসময় উপস্থিত ছিলেন, উন্নয়ন সংস্থা সুবাস-এর কোষাধ্যক্ষ দেলওয়ার হোসেন, শিশুদের মধ্যে নাফিউল ইসলাম হায়মন, ফাইয়াজ আহমদ খাঁন, ফাতেমা জান্নাত, হুমায়রা জান্নাত মাদিহা, আব্দুল্লাহ আল তাওসিফ, তামজিদ আহমদ তানজিম, তাওফিক আহমদ তাহসিন, রুহুল আমিন, আবির হোসেন রিয়ান প্রমুখ।

Posted ২:৩৬ পিএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com