শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্বাস্থ্য ব্যবস্থায় আরএমপি’র দায়বদ্ধতা, সীমাবদ্ধতা ও নৈতিকতা এবং সরকারের কাছে প্রত্যাশা

মনজুরুল মাআবুদ   |   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   67 বার পঠিত

স্বাস্থ্য ব্যবস্থায় আরএমপি’র দায়বদ্ধতা, সীমাবদ্ধতা ও নৈতিকতা এবং সরকারের কাছে প্রত্যাশা

আরএমপি বা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার মূলত গ্রাম বা শহরতলী বা প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা ও জরুরী প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন।

আরএমপি চিকিৎসকরা সাধারণত (৬ মাস থেকে ২ বছর মেয়াদী) সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে নিজের চেম্বারে প্রাথমিক স্বাস্থ্য সেবা , ছোটখাটো রোগের চিকিৎসা এবং প্রয়োজনে রোগীকে সরকারি বা বেসরকারি হাসপাতাল, রেজিস্টার্ড চিকিৎসক বা বিশেষজ্ঞ চিকিৎসকের রেফার করার কাজ করেন।

প্রাথমিক স্বাস্থ্য সেবায় আরএমপি (Rural Medical Practitioner) এর দায়বদ্ধতা কতটুকু—এই বিষয়টি বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক।
বাংলাদেশ একটি জনবহুল দেশ, যেখানে স্বাস্থ্যসেবা এখনও অনেকাংশে শহরকেন্দ্রিক, ফলে গ্রামীণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত ও নিবন্ধিত চিকিৎসক, আধুনিক হাসপাতাল ও উন্নত চিকিৎসা সুবিধার অভাব দীর্ঘদিনের বাস্তবতা। এই প্রেক্ষাপটে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার’রা (RMP) একটি বিকল্প স্বাস্থ্যসেবা প্রদানকারী হিসেবে গড়ে উঠেছেন এবং স্থানীয় জনগণের জন্য নির্ভরযোগ্য , সহজলভ্য, তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। যদি ও তারা স্বীকৃত এমবিবিএস চিকিৎসক নন, তবুও বাস্তবতার নিরিখে তারা গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার একটি অপরিহার্য সহায়ক স্তর। দেশের বিস্তীর্ণ গ্রামীণ এলাকায় এখনও পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত চিকিৎসকের অভাব থাকায় এই শূন্যতা অনেকাংশে পূরণ করে থাকেন আরএমপিরা, যারা সাধারণ মানুষের কাছে দ্রুত সেবা পৌঁছে দিতে সক্ষম। ফলে তারা প্রাথমিক স্বাস্থ্যসেবার এক গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করেন। তবে তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি দায়বদ্ধতা, সীমাবদ্ধতা ও নৈতিক দিকগুলো সুস্পষ্টভাবে বোঝা জরুরি।

প্রথমত, আরএমপির প্রধান দায়িত্ব হলো সাধারণ ও প্রাথমিক রোগের চিকিৎসা প্রদান করা। যেমন-জ্বর, সর্দি কাশি, ডায়রিয়া, বমি, হালকা সংক্রমণ, ত্বকের সমস্যা, ছোটখাটো আঘাত বা কাটা-ছেঁড়া ইত্যাদি ক্ষেত্রে তারা প্রাথমিক চিকিৎসা দিতে পারেন। এই প্রাথমিক চিকিৎসা অনেক সময় রোগের অবনতি রোধ করতে সহায়তা করে এবং রোগীকে দ্রুত স্বস্তি দেয় | পাশাপাশি তারা রোগীর উপসর্গ পর্যবেক্ষণ করে একটি প্রাথমিক ধারণা তৈরি করতে পারেন, যা পরবর্তী চিকিৎসার জন্য অতীব গুরুত্বপূর্ণ।

দ্বিতীয়ত, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা আরএমপিদের একটি মৌলিক দায়িত্ব | গ্রামীণ জনগণের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার অভাব একটি বড় সমস্যা। আরএমপিরা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন—যেমন রোগীর ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশুদ্ধ ও ফোটানো পানি পান, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, সুষম খাদ্য গ্রহণ, শিশু ও মাতৃস্বাস্থ্য পরিচর্যা, পরিবার পরিকল্পনা এবং টিকাদানের গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করা। এসব বিষয়ে নিয়মিত পরামর্শ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তারা জনস্বাস্থ্যের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেন।

তৃতীয়ত, রোগ নির্ণয়ে সতর্কতা এবং প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা আরএমপির দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় রোগের উপসর্গ সাধারণ মনে হলেও তা গুরুতর সমস্যার পূর্বাভাস হতে পারে। তাই রোগীর ইতিহাস, উপসর্গ এবং শারীরিক অবস্থার ভিত্তিতে সঠিক মূল্যায়ন করা জরুরি | কোনো সন্দেহজনক বা জটিল লক্ষণ দেখা দিলে দেরি না করে রোগীকে উচ্চতর চিকিৎসা , সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে পাঠানো উচিত।

চতুর্থত, রেফারাল ব্যবস্থার সঠিক ব্যবহার আরএমপির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব
গুরুতর রোগ যেমন—হৃদরোগ, উচ্চ ডায়াবেটিস , শ্বাসকষ্ট, মারাত্মক সংক্রমণ, দুর্ঘটনাজনিত আঘাত, স্ট্রোক, গর্ভাবস্থার জটিলতা ইত্যাদি ক্ষেত্রে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা নিবন্ধিত এমবিবিএস চিকিৎসক , বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো অত্যন্ত জরুরি। সময়মতো রেফার না করলে রোগীর অবস্থা মারাত্মক হয়ে উঠতে পারে | তাই নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই একজন দায়িত্বশীল আরএমপির পরিচয়।

পঞ্চমত, নৈতিকতা ও পেশাগত সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সাথে সদাচরণ, তাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, এবং রোগীর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আরএমপি’র নৈতিক দায়িত্ব। অপ্রয়োজনীয় ওষুধ প্রদান, অতিরিক্ত পরীক্ষানিরীক্ষার পরামর্শ, কিংবা আর্থিক লাভের জন্য ভুল চিকিৎসা প্রদান করা সম্পূর্ণ অনৈতিক। বিশেষ করে অ্যান্টিবায়োটিকের (Antibiotic) অপব্যবহার বর্তমান সময়ে একটি গুরুতর সমস্যা, যা ভবিষ্যতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই এ বিষয়ে একজন আরএমপির সচেতনতা ও দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি।

ষষ্ঠত, আরএমপিদের নিয়মিত প্রশিক্ষণ ও ঔষধ জ্ঞান হালনাগাদ করার প্রয়োজনীয়তা অপরিসীম। স্বাস্থ্যখাতে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য, চিকিৎসা পদ্ধতি ও নির্দেশনা যুক্ত হচ্ছে । তাই প্রশিক্ষণ, কর্মশালা ও স্বাস্থ্যবিষয়ক শিক্ষার মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করা উচিত। এতে তারা আরও কার্যকর ও নিরাপদ সেবা প্রদান করতে সক্ষম হবেন।

সপ্তমত, সরকারি স্বাস্থ্যব্যবস্থার সাথে সমন্বয় রেখে কাজ করাও আরএমপির দায়িত্বের অংশ। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্যকর্মীদের সাথে সমন্বয় রেখে কাজ করলে সেবার মান উন্নত হয় এবং রোগীরা আরও ভালো সুবিধা পায়। বিশেষ করে টিকাদান কর্মসূচি, মাতৃস্বাস্থ্য সেবা বা মহামারি পরিস্থিতিতে এই সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো—আরএমপির দায়বদ্ধতার একটি নির্দিষ্ট সীমা রয়েছে। তারা কখনোই বিশেষজ্ঞ বা নিবন্ধিত চিকিৎসকের বিকল্প নন। জটিল রোগ নির্ণয়, অস্ত্রোপচার, বা উন্নত চিকিৎসা প্রদান তাদের আওতার বাইরে। এই সীমাবদ্ধতা মেনে চলা এবং রোগীর নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়াই তাদের সবচেয়ে বড় দায়িত্ব।

সবশেষে বলা যায়, প্রাথমিক স্বাস্থ্য সেবায় আরএমপি’র (Rural Medical Practitioner) দায়বদ্ধতা বহুমাত্রিক—প্রাথমিক চিকিৎসা প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সময়মতো রেফার করা, নৈতিকতা বজায় রাখা, এবং নিজস্ব দক্ষতা উন্নয়নের মাধ্যমে তারা গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারেন।
সঠিক দায়িত্ববোধ, মানবিকতা ও পেশাগত সততা বজায় রেখে কাজ করলে আরএমপিরা দেশের সামগ্রিক জনস্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন এবং হচ্ছেন।

গ্রামীণ জনপদ বা শহরতলীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে আরএমপি (Rural Medical Practitioner) চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণ, বর্তমান সরকারের স্বীকৃতি ও প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহ করা সরকারের দায়িত্ব। নিয়মিত মনিটরিং , স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা, রোগীদের এমবিবিএস চিকিৎসক , বিশেষজ্ঞ চিকিৎসক, সরকারি বা বেসরকারি হাসপাতালে রেফার করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্য সেবার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনে সরকারের সহযোগিতা অপরিহার্য।

লেখক- মাস্টার্স অব পাবলিক হেলথ (স্বাস্থ্য ও পুষ্টি), মাস্টার্স অব একাউন্টিং।
ডিপ্লোমা ইন মেডিসিন এন্ড সার্জারি , বি ফার্মা।
বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এসএমসি’র ব্লুস্টার স্বাস্থ্য সেবা দানকারী।

Facebook Comments Box

Posted ৭:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com