



জগন্নাথপুর প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 19 বার পঠিত

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইসলাম বিরোধী কার্যকলাপ, অসামাজিক কাজ, গান-বাজনা, মাদক ও জুয়া প্রতিরোধ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩) সেপ্টেম্বর পীরেরগাঁও শাহদামড়ী বাজারে ‘ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’ (৯নং ওয়ার্ড, ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন)-এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, ওলামায়ে কেরাম এবং বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি সাইনজব আলীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: লিলু মিয়া, মো: আলী আহমদ, মাওলানা আব্দুল বাছিত; সহ-সভাপতি মাওলানা মো: নূরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা আঃ খালিক, সাধারণ সম্পাদক মুফতি হুসাইন আহমদ, সহ-সম্পাদক মাওলানা ফজলুর রহমান ফয়েজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: লুৎফুর রহমান খান, অর্থ সম্পাদক মো: আলী রাজা এবং প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, “এলাকায় দিন দিন ইসলাম বিরোধী নানা কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। জুয়া, মাদক এবং অসামাজিক কর্মকাণ্ডের কারণে আমাদের যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এছাড়া উচ্চস্বরে গান-বাজনার মাধ্যমে পবিত্র ও শান্ত পরিবেশ কলুষিত করা হচ্ছে।” বক্তারা এসব অপকর্ম অনতিবিলম্বে বন্ধের জোরালো দাবি জানান এবং একটি সুশৃঙ্খল ও আদর্শ সমাজ গঠনে স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আইনুল হক, মো: ছায়াদ আলী, মো: গৌছ উদ্দিন, মো: ফজর আলী, মো: আব্দুল আজিজ, আনোয়ার আলী, মো: তছর উদ্দিন, নজির আহমদ, সুরুত জামাল, আবু সৈয়দ, মো: সাইফুল ইসলাম,স্কুল মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার অসংখ্য ধর্মপ্রাণ সাধারণ মানুষ।

Posted ৯:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


