



অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত

থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ৮ বছর বয়সী সামিনা নূর তাজ। তিনি গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে গাজীপুরের কালিয়াকৈরে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজে জমকালো আয়োজনে সামিনা নূর তাজকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সামিনা নুর তাজ জামালপুর জেলার মেস্তা গ্রামের মো. সানোয়ার হোসেন মামুনের কন্যা। তারা স্বপরিবারে গাজীপুরের কালিয়াকৈরে বসবাস করেন।

হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ইংরেজি ভাষা প্রতিযোগিতার প্রতিষ্ঠান। যাহা ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে ৬ থেকে ১৯ বছর বয়সি শিক্ষার্থীদের জন্য একটি বৈশ্বিক প্রতিযোগিতা, যেখানে সাবলীল ভাষায় ইংরেজি পড়া, লেখা, শোনা এবং বলার দক্ষতা মূল্যায়ন করা হয়। পাশাপাশি বৈশ্বিক ঐক্য, সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতাকে উৎসাহিত করা হয়।
স্কুল কর্তৃপক্ষ জানায়, প্রতিভাবান এই শিশু শিক্ষার্থী ২০২৩ সালের ১ জুন আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রাক-প্রাথমিক শাখার নার্সারিতে ভর্তি হয়। এই বিদ্যানিকেতনে পথচলার শুরু থেকে তিনি প্রতিটি ধাপে মেধার স্বাক্ষর রেখে এসেছেন। বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও আঞ্চলিক প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে নানাবিধ পুরস্কার অর্জন করে সামিনা নুর তাজ । বাংলা মিডিয়ামে লেখাপড়া করে সামিনা নূর তাজ গত ৩ জুলাই হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড ২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করেছে মেধাবী এই শিক্ষার্থী।
এর আগে, ২০২৬ সালের ২৫ এপ্রিল ঢাকার ‘স্মার্ট ইনোভেশন স্কুলে অনুষ্ঠিত প্রথম সিলেকশন রাউন্ডের মধ্য দিয়ে তার পথচলা শুরু হয়। তারপর ২৩ মে নারায়ণগঞ্জের ‘হেরিটেজ স্কুলে অনুষ্ঠিত পরবর্তী রাউন্ডে সারাদেশে ২য় স্থান অধিকার করে। গত ০৩ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় এশিয়া মহাদেশীয় অঞ্চলের প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় সামিনা নূর তাজ এশিয়া মহাদেশে ১ম স্থান অধিকার করে গৌরব অর্জন করে।

সামিয়া নুর তাজ তার বক্তব্যে বলেন, তার এই পথচলায় অনন্য অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতা প্রদান করেছেন আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও তাজের এই অসামান্য পথচলায় তার পিতা-মাতার অবদান অনস্বীকার্য। তার মায়ের সার্বক্ষণিক প্রচেষ্টায় সে মেধার বিকাশ ঘটিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। শৈশব থেকে সে ইংরেজি ভাষার প্রতি গভীর অনুরাগী ছিলেন।
আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের চেয়ারম্যান মো. জলিল উদ্দিন জানান, সামিনা নুর তাজ শুধু আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান নয় সে সারা দেশের গর্ব। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে , সে যখন স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে ইংলিশে কথা বলতো তখন থেকেই আমি বুঝেছিলাম তাকে দিয়ে কিছু হবে। আল্লাহর রহমতে সে ইতিমধ্যেই পুরো দেশের গৌরব হয়ে উঠেছে। তার লেখাপড়ার জন্য ভবিষ্যতে সব খরচ আমাদের প্রতিষ্ঠান বহন করবে।
প্রতিষ্ঠান জানায়, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ০৩ অক্টোবর পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিতব্য ইউনিভার্সাল রাউন্ডে তাজ বিশ্বব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ সামিনা নুর তাজের উজ্জ্বল ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

Posted ৮:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


