



গোয়াইনঘাট প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 156 বার পঠিত

ছবি : সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদীর পুর্ণানগর-লেঙ্গুড়া এলাকায় নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে সারী-গোয়াইনঘাট সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুর্ণানগর এলাকার লোকজন সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এতে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাওহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি সাইদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে আশ্বস্ত করেন। তাদের আশ্বাসে দুপুর সাড়ে ১২ টায় আবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধ জনতা।
উপস্থিত বিক্ষুব্ধ জনতার দাবী, দীর্ঘদিন থেকে প্রতিদিন রাতের আধাঁরে গোয়াইন ব্রীজের দক্ষিণে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে একটি চক্র। এতে প্রতিদিন শতশত বলগেট লোড হয়। এভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী বাড়ীঘর ভেঙ্গে ফসলী জমিসহ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এসব বালু উত্তোলন বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি বরং বালু উত্তোলনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা আরও জানায়, গতকাল বুধবার রাতে বালু উত্তোলন বন্ধ করতে পুর্ণানগর এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে বালু উত্তোলনকারীরা তাদের উপর ক্ষীপ্ত হয়ে উঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বৃহস্পতিবার সকাল ১০ টায় বালু উত্তোলন বন্ধের দাবিতে সারী-গোয়াইনঘাট সড়কে বাঁশ ও গাছ ফেলে সড়ক অবরোধ করে এলাকাবাসী।
এবিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাওহিদুল ইসলাম বলেন লেঙ্গুড়া বালুমহালের যে স্থান গুলোতে ড্রেজার ব্যবহার হচ্ছে সেসকল স্থান থেকে সকল প্রকার বালু উত্তোলন নিষিদ্ধ। BIWTA এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ফসলি জমি ও ভূমির Damage Assessment করে ক্ষতিপূরণ আদায়ে সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে মামলা হবে। এ আশ্বাসে গ্রামবাসী সন্তুষ্ট হয়ে ব্যারিকেড অপসারণ করেছেন।

Posted ১০:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


