



সুনামগঞ্জ প্রতিনিধি | শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 46 বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি বিষয়ে শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান যাচাই করা হয়।
শিমুলবাক ইউনিয়ন পরিষদের নিজস্ব রাজস্ব আয় থেকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এ পরীক্ষার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং মেধাবীদের মূল্যায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। তিনি পরীক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হান্নান মিয়া, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রেমজিত দাস, ইউপি সদস্য মাহবুব ইসলাম, রাসেল আহমেদ, সাজু মিয়া, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আব্দুল মমিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় পরীক্ষা হল সুপারের দায়িত্বে ছিলেন, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, সহকারী হল সুপার হিসাবে ছিলেন, সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবা আরা সরকার।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে এরক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। এই পরীক্ষাটি সর্ব প্রথম আমাদের শান্তিগঞ্জ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা শুরু করেছিলেন। তার এই উদ্যোগ পরে পুরো সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত হয়। এই পরীক্ষাটি জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করে। আমরা চাই এর ধারাবাহিকতা ধরে রাখতে। আগামী কিছু দিনের মধ্যে আমাদের পুরো শান্তিগঞ্জ উপজেলায় এই পরীক্ষা আমরা আয়োজন করবো। তবে প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যানদের উদ্যোগে এটা আরো বেশি করর বাস্তবায়ন হলে আমাদের শিক্ষার্থীরা আর পিছিয়ে থাকবে না।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন জানান, আমি এই পরীক্ষাটি সুন্দর ও সুষ্ঠু ভাবে বাস্তবায়নের লক্ষে আমার পরিষদের সকল সদস্যবৃন্দকে অক্লান্ত কাজ করেছি। আমরা প্রতি বছর এই পরীক্ষা বাস্তবায়ন করবো। আমরা চাই আমাদের ছেলে মেয়েরা যাতে লেখা পড়ায় পিছিয়ে না থাকে। সে লক্ষ্যেই আমরা আর ব্যাপক ভাবে কাজ করবো।
শিমুলবাক ইউনিয়ন পরিষদের এ উদ্যোগকে প্রাথমিক শিক্ষার বিকাশে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নিয়মিত এ ধরনের মেধা যাচাই কার্যক্রম চালু থাকলে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, মেধা বিকাশ ও শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Posted ৭:০৫ পিএম | শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


