



আমতলী (বরগুনা) প্রতিনিধি | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

বরগুনার আমতলী পৌরসভায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং একটি স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিতে পৌর কর্তৃপক্ষের সঙ্গে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৫ জুলাই) বিকেল ৩টায় আমতলী পৌরসভা মিলনায়তনে এনএসএস ও একশনএইড বাংলাদেশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় পৌর এলাকার ক্রমবর্ধমান বর্জ্য সংকট, অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা, পরিবেশ দূষণ, জনস্বাস্থ্য ঝুঁকি এবং দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে একটি আধুনিক ও স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
তারুণ্যের আলো যুব ফোরামের সভাপতি মুক্তা রানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নাসির উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমতলী এপির চাইল্ড প্রোটেকশন ও এপি স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, এনজিও ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জিহাদ এবং আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান সালেহ।
এ ছাড়া সভায় তারুণ্যের আলো যুব ফোরামের সদস্যবৃন্দ, আমতলী পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের ফলে প্রতিদিন পৌর এলাকায় বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে। কিন্তু পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও স্থায়ী ডাম্পিং স্টেশনের অভাবে বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণ, দুর্গন্ধ, জলাবদ্ধতা এবং বিভিন্ন রোগবালাইয়ের ঝুঁকি বাড়ছে।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য দ্রুত আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, একটি স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের পাশাপাশি বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার (রিসাইক্লিং), জনসচেতনতা বৃদ্ধি এবং পৌরসভার সক্ষমতা উন্নয়নের মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় পৌর কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব স্বীকার করে বলেন, নাগরিকদের সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন এবং বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
সভা শেষে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং আমতলী পৌরসভায় একটি স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। সভা শেষে পৌর প্রশাসন বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Posted ৯:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


