মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিরাজগঞ্জ থেকে ছিনতাই হওয়া ট্রাক সহ ৫৯০ বস্তা চাল কালিয়াকৈর থেকে উদ্ধার, ২ জন আটক 

গাজীপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত

সিরাজগঞ্জ থেকে ছিনতাই হওয়া ট্রাক সহ ৫৯০ বস্তা চাল কালিয়াকৈর থেকে উদ্ধার, ২ জন আটক 

গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাই হওয়া ট্রাক সহ ৫৯০ বস্তা চাল উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। সিরাজগঞ্জে হাইওয়ে থেকে  ৬১০ বস্তা কাটারীভোগ চালবাহী একটি ট্রাক ছিনতাই হয় ।আটককৃতরা হলেন লিটন সরকার (৪০) ও তার কর্মচারী সুমন সরকার (৪৬)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কালিয়াকৈর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কালিয়াকৈর বাজার এলাকার একাধিক গোডাউন থেকে ৫৯০ বস্তা চাল, ফুলবাড়িয়া কেএনবি বাজার এলাকা থেকে ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর এলাকা থেকে ৬১০ বস্তা কাটারীভোগ চাল ক্রয় করে ঢাকা মেট্রো-ট ১২-৫০৫৮ নম্বরের একটি ট্রাকে করে সোমবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় একটি প্রাইভেটকার দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাকটির গতিরোধ করা হয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের চালক ও হেলপারের হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশে একটি ধানক্ষেতে ফেলে রেখে চালভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।এ ঘটনায় চালের মালিক মাহবুবুর রহমান সোহেল বাদী হয়ে সিরাজগঞ্জের শিমলা থানায় অভিযোগ দায়ের করেন।

শিমলা থানা পুলিশের তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফুলবাড়িয়া কেএনবি বাজার এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করে। একই সঙ্গে কালিয়াকৈর বাজারের লিটন সরকারের গোডাউন থেকে ৩৫৯ বস্তা, স্বপন সাহার গোডাউন থেকে ১০০ বস্তা, আতাউলের গোডাউন থেকে ৫০ বস্তা, মোজাম্মেলের গোডাউন থেকে ৫০ বস্তা এবং মোতালেবের গোডাউন থেকে ২০ বস্তাসহ সর্বমোট ৫৯০ বস্তা চাল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানা পুলিশের ওসি (তদন্ত) রবিউল ইসলাম  বিষয়টি  নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ট্রাকসহ ৫৯০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।  এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ৭:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com