



গোয়াইনঘাট প্রতিনিধি | সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 118 বার পঠিত

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে নিজ দোকানের ভিতর থেকে রাজিব সরকার (৩৩) নামে এক মিষ্টি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং মামার বাজারে মিষ্টির দোকান থেকে তার অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাজিব সরকার নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার দাউদপুর গ্রামের জয় কৃষ্ণ সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব সরকার দীর্ঘদিন থেকে জাফলংয়ের মামার বাজারে একটি দোকান ভাড়া নিয়ে মিষ্টি বানিয়ে ব্যবসা করছেন। তিনি স্ত্রীকে নিয়েও সেখানে থাকতেন। গত কয়েকদিন আগে তার স্ত্রী গ্রামের বাড়িতে গেছেন। রোববার সাড়ে ৯টায় স্থানীয় অভি দাশ মিষ্টি কিনতে রাজিবের দোকানে যায়। দোকানের সাটার বন্ধ দেখতে পান ও সাটারের এক সাইট কিছুটা খোলা দেখেন। দোকানের ভিতর থেকে দুর্গন্ধ আসছে। পরে অভি আশপাশের লোকজনকে ঢেকে এনে সাটার খুলে দোকানে প্রবেশ করলে টিনের চালার কাঠের সাথে রাজিবের ঝুলন্ত অর্ধগলিত মরদেহ দেখতে পান।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ রাজিব সরকার নামে এক মিষ্টি ব্যবসায়ীর নিজ দোকান থেকে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ৩/৪ চার দিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Posted ৬:১৫ অপরাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


