শিরোনাম >>
শিরোনাম >>

১ লাখ ২৫ হাজার ডলারে রোনালদোর জার্সি বিক্রি

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   237 বার পঠিত

১ লাখ ২৫ হাজার ডলারে রোনালদোর জার্সি বিক্রি

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর স্বাক্ষর করা একটি জার্সি নিলামে এক লাখ ২৫ হাজার ডলারে কিনেছেন সৌদি আরবের এক ব্যবসায়ী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সৌদির রাজধানী রিয়াদের উত্তর-পশ্চিমে ঐতিহাসিক শহর দিরিয়ায় ফর্মুলা ই’র পাশে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ দামের প্রস্তাব দিয়ে নিলামে বিজয়ী হন ওই নারী ব্যবসায়ী।

তবে ফ্যাশন ডিজাইনে কাজ করা ওই নারী তার পরিচয় প্রকাশ করতে রাজি হননি।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গাল্ফ নিউজ জানায়, রোনালদোর ৭ নম্বর জার্সি দিয়ে শুরু হয় নিলাম, এরপর একগুচ্ছ চিত্রকর্ম ও মূল্যবান সংগ্রহ নিলামে উঠানো হয়। এর যা আয় হবে তা সৌদি আরবের একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে।

গত বছরের জানুয়ারিতে আড়াই বছরের বিশাল চুক্তির অধীনে রিয়াদ-ভিত্তিক আল নাসরে যোগ দিয়ে বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করেছিলেন রোনালদো। বয়সকে উপেক্ষা করে দিনের পর দিন ফুটবল জাদুবিদ্যা দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন রোনালদো।

গত নভেম্বরে রিয়াদে বিনোদন ও পর্যটন উৎসবের অংশ হিসেবে ৩৮ বছর বয়সী এই কিংবদন্তির বর্ণাঢ্য ক্যারিয়ার প্রদর্শনের জন্য একটি জাদুঘর উদ্বোধন করা হয়। ভ্রাম্যমাণ জাদুঘরে রোনালদোর পুরস্কার ও জার্সিসহ নানা কীর্তি প্রদর্শন করতে ভিড় করেন ভক্তরা। পাঁচটি ব্যালন ডি’অর জয়ী রোনালদোর স্মৃতি ও অনুপ্রেরণামূলক কাহিনী তুলে ধরা হয় প্রদর্শনীতে।

Posted ১২:৩৪ এএম | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com