



অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 193 বার পঠিত

জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে দেশটির তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনীল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) মোদির নয়াদিল্লির বাসভবনে বৈঠকটি হয়। কাল বুধবার তিনি মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) সঙ্গে আলোচনায় বসবেন। এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা পরামর্শকের সঙ্গে বৈঠক করলেন তিনি।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বৈঠকে মোদি জানিয়েছেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার ওপর তার পূর্ণ আস্থা আছে। তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশে বলেন কবে, কখন কোন সময় লক্ষ্যতে আঘাত হানতে হবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে।
একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের ধ্বংসাত্মক আঘাত ভারতের জাতীয় সংকল্প। এর মাধ্যমে মোদি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর ‘সবুজ সংকেত’ দিয়েছেন বলে জানিয়েছে অপর একটি সূত্র।
সশস্ত্র বাহিনীর ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরই মোদির দিল্লির বাড়িতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কাশ্মীরের পহেলগাঁওয়ে ওই হামলার পর পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত। যদিও পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

Posted ১০:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


