



এম এ মাহমুদ হায়দার জীবন | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত

এশিয়ার অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর গৌরবময় পথচলার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটে আগামীকাল ২৩ অক্টোবর ২০২৬ (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য “শ্রোতা উৎসব ২০২৬: প্রেক্ষিত- আধ্যাত্মিক রাজধানী সিলেট”।
মহান সুফি সাধক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর পবিত্র স্মৃতিবিজড়িত পুণ্যভূমিতে আয়োজিত এই ঐতিহাসিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য (সিলেট-৬) অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এর আগে, গত ২১ অক্টোবর ২০২৬ (বুধবার) রাত সাড়ে নয়টায় সংগঠনের চেয়ারম্যান ও বিশিষ্ট রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপশহর সিলেটে মাননীয় সংসদ সদস্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উৎসবের মূল আমন্ত্রণপত্র ও বিস্তারিত রূপরেখা হস্তান্তর করেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ‘সুবাস’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আছলাম হোসেন এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের সদস্য মুশফিকুর রহমান (সাহিল)।
দুই দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চলসহ প্রতিবেশী দেশ ভারত থেকে বিপুল সংখ্যক বেতার শ্রোতা, মিডিয়া ব্যক্তিত্ব ও সুধীজন অংশ নিচ্ছেন। উৎসবের মর্যাদা ও গুরুত্ব বাড়িয়ে তুলতে ইতিমধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য (এমপি), জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের আমন্ত্রণ সম্পন্ন হয়েছে।
দুই সংবাদকর্মীকে ‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান:
উৎসবের উদ্বোধনী দিনে ২০২৩-২৬ বর্ষে ক্লাবের উন্নয়ন ও কর্মতৎপরতার সংবাদ জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় গুরুত্বের সাথে প্রকাশে অনন্য সহযোগিতা করার স্বীকৃতিস্বরূপ দুই জন বিশিষ্ট সংবাদকর্মীকে ‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬’ প্রদান করা হবে। এবারের অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ এবং ‘দৈনিক উত্তরপূর্ব’-এর সিনিয়র সাব এডিটর ও ‘আজকেরসংবাদ২৪.কম’-এর সম্পাদক ফয়জুল আহমদ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্মারক ক্রেস্ট এবং নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হবে।
উদ্বোধনী দিনের সময়সূচি ও র্যালী:
উৎসবের প্রথম দিন অর্থাৎ শুক্রবার (২৩ অক্টোবর) সকল অংশগ্রহণকারী শ্রোতা ও সদস্যদের সকাল ৭টার মধ্যে শাহপরান এলাকায় এবং সকাল ৭:৩০ মিনিটের মধ্যে ঐতিহাসিক ক্বিন ব্রীজ এলাকায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সকাল ৮টায় প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ‘শ্রোতা উৎসব ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করবেন এবং একটি বর্ণাঢ্য র্যালীতে অংশ নিবেন।
আকর্ষণীয় ভ্রমণ আয়োজন:
দুই দিনব্যাপী এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে দেশ-বিদেশের শ্রোতা ও অতিথিদের নিয়ে সিলেটের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পর্যটন কেন্দ্রসমূহ পরিদর্শন। এর মধ্যে রয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার ‘ভোলাগঞ্জ সাদাপাথর’, সদর উপজেলার চা বাগান, গোয়াইনঘাট উপজেলার জাফলং, এবং জৈন্তাপুর উপজেলার শাপলাবিল, চা বাগান, পাথর কোয়ারি, খাসিয়া পল্লী ও লালাখাল ভ্রমণ এবং আধ্যাত্মিক শান্তি, মানসিক প্রশান্তি এবং বরকত লাভের আশায় দুই মহান সুফি সাধকের মাজার জিয়ারত। উৎসবে অংশ নেওয়া দেশ-বিদেশের শ্রোতা ও অতিথিদের নিয়ে এই বিশেষ ভ্রমণটি অনুষ্ঠিত হবে।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম (S21MIR), চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL), ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা এবং মহাসচিব নুর মোহাম্মদ এই ঐতিহাসিক উৎসবকে সফল ও সার্থক করে তুলতে সংশ্লিষ্ট সকল বেতার শ্রোতা, মিডিয়া কর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছেন।

Posted ৪:৪২ এএম | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


